HS Examinee Dies

দ্বিতীয় পত্রের পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার

উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বাগুন্ডী গ্রামে বাড়ি থেকে ১৮ বছরের ঈশিতা চক্রবর্তীর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রথম পত্রের পরীক্ষা দিয়েছেন। দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন সকালে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বাগুন্ডী গ্রামে বাড়ি থেকে ১৮ বছরের ঈশিতা চক্রবর্তীর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

সকালে বাবা-মা ঘুম থেকে উঠে খেয়াল করেন দীর্ঘ ক্ষণ হল মেয়ে ঘর থেকে বেরোচ্ছেন না। তাঁরা ডাকাডাকি করেন। সাড়া মেলেনি। দরজায় ধাক্কা দেন। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কোনও রকমে দরজা ধাক্কা দিয়ে খুলে মেয়ের ঝুলন্ত দেহ দেখেন বাবা-মা। শুরু হয় চিৎকার-চেঁচামেচি, কান্না।

খবর পেয়ে বসিরহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন উচ্চ মাধ্যমিক ছাত্রী। কিন্তু কারণ কী, বলতে পারছে না পরিবারও। মৃতার বাবা সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘কী কারণে এই ঘটনা ঘটল, জানি না। আমরা বলতে পারব না। গতকাল (বৃহস্পতিবার) পরীক্ষা দিয়ে আসার পরেও সব ঠিক ছিল। অস্বাভাবিক কিছু লক্ষ করিনি। আমরা বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে দেখার চেষ্টা করছি। পুলিশও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।’’

ঈশিতার দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Advertisement
আরও পড়ুন