Oil Barrels Ceased from House of TMC Leader

নামখানায় তৃণমূল নেতার বাড়ি থেকে ব্যারেল ব্যারেল ডিজ়েল বাজেয়াপ্ত! বাংলাদেশের জাহাজ থেকে চুরি করে আনার অভিযোগ

অভিযোগ, ফ্রেজ়ারগঞ্জ তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ ওই বেআইনি জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার জন্য নজরুলের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ চলে আসার কারণে সে কাজ করতে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৩:৩৮
নামখানায় তৃণমূল নেতার বাড়ি থেকে বাজেয়াপ্ত তেলের ব্যারেল।

নামখানায় তৃণমূল নেতার বাড়ি থেকে বাজেয়াপ্ত তেলের ব্যারেল। — নিজস্ব চিত্র।

নামখানায় তৃণমূলের এক নেতার বাড়ি থেকে ৪০ ব্যারেল তেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই সঙ্গে কয়েক বস্তা সুপারিও উদ্ধার করা হয়েছে। তার পরেই তৃণমূল নেতা নজরুল ইসলামকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা। শনিবার বেশ কিছু ক্ষণ ধরে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা নজরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন থানায়। তাঁর খোঁজ মেলেনি।

Advertisement

শনিবার বিকেলে পুলিশ নজরুলের বাড়িতে তল্লাশি চালায়। এরপরই তাঁর বাড়ি থেকে প্রায় ৪০ ব্যারেল ডিজ়েল উদ্ধার হয়। সেগুলি সেখানে কেন ছিল, তা নিয়ে সদুত্তর পায়নি পুলিশ। তাঁর বাড়ি থেকে বেশ কয়েক বস্তা সুপারি উদ্ধার হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের পণ্যবাহী জাহাজগুলি থেকে এই ডিজেল চুরি করে আনা হয়। সেগুলি তৃণমূল নেতার বাড়িতে মজুত রাখা হয়েছিল। তবে নজরুলের খোঁজ মেলেনি। তাঁর দাদা আনারুল মোল্লাকে পুলিশ আটক করেছে। নজরুলের বাড়ির ভিতরে শৌচালয় থেকে ফ্রেজ়ারগঞ্জ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকে আটক করা হয়।।

স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রসেনজিৎ ওই বেআইনি জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার জন্য নজরুলের বাড়িতে গিয়েছিলেন। পুলিশ চলে আসার কারণে তিনি বেরোতে পারেননি। তাই ভয়ে শৌচালয়ের ভিতরে লুকিয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

বিক্ষোভকারীদের দাবি, নজরুলকে খুঁজে বার করে গ্রেফতার করতে হবে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার প্রচুর সাধারণ মানুষও তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরে বিক্ষোভকারীরা ফ্রেজ়ারগঞ্জ থানায় তৃণমূল নেতা নজরুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। নজরুলের খোঁজ চলছে।

গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে। শনিবার নদিয়ার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাঁকে বাড়ি থেকে বার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে শনিবার সকালে গ্রেফতার করা হয়। বিমানের ফ্ল্যাটের পাশেই একটি ক্লাব থেকে গুচ্ছ গুচ্ছ ত্রাণসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিলি না-করে সেগুলি ক্লাবঘরে মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। রাতে তাঁকে পুলিশ নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বিমানের উদ্দেশে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়। কেউ কেউ জুতোও ছু়ড়ে মারেন।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও অবৈধ ভাবে ত্রাণসামগ্রী মজুত করে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সুধাংশু নস্কর ওরফে ভাস্করকে। শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সুধাংশুর বাড়িতে তল্লাশি চালায়। নেতৃত্বে ছিলেন এসআই অর্ঘ্য মণ্ডল। কেন্দ্রীয় বাহিনীও সঙ্গে ছিল। সুধাংশুর বাড়ি থেকে পাওয়া গিয়েছে ৭০টি ত্রিপল, ৩০টি কম্বল এবং ছ’টি সিল করা বাসনপত্রের প্যাকেট। কেন তা তাঁর বাড়িতে রাখা ছিল? সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সুধাংশু। তার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
আরও পড়ুন