Barrackpore Layer Death

লোহার রডে বুক এফোঁড়-ওফোঁড়, বারাসত আদালতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু আইনজীবীর, জখম দুই

মৃতের নাম উত্তম দস্তিদার। বয়স ৪৯ বছর। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বারাসত আদালতে প্র্যাকটিস করতেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৪:৩৫

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বারাসত আদালতের এক আইনজীবী। বুধবার বারাসত-ব্যারাকপুর রোডে নীলগঞ্জ সংলগ্ন এলাকায় অটো এবং মেশিন ভ্যানের সংঘর্ষে জখম হয়েছেন আরও দু’জন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

মৃতের নাম উত্তম দস্তিদার। বয়স ৪৯ বছর। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বারাসত আদালতে প্র্যাকটিস করতেন তিনি। বুধবার ওই আদালতের এক সিনিয়র আইনজীবী শ্যামাপদ সেন এবং তাঁর আইনজীবী ভাগ্নে উত্তম-সহ তিন জন ব্যারাকপুর থেকে বারাসত আদালত যাচ্ছিলেন। অন্যান্য দিন একটি ভাড়াগাড়িতে যেতেন আইনজীবী। বুধবার সেটি না পেয়ে অটো ভাড়া করে কর্মস্থলে যাচ্ছিলেন। নীলগঞ্জে একটি ভ্যানে লোহার রড নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রডবোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা মারে। তার পর রাস্তার ধারের একটি গাছে গিয়ে ধাক্কা দিয়ে থেমে যায় অটোটি। একটি লোহার রড অটোর মধ্যে ঢুকে উত্তমের বুকে বিঁধে যায়।

তৎপরতার সঙ্গে উদ্ধারের চেষ্টা হয়েছিল উত্তমদের। ওয়েল্ডিং মেশিনের দোকান থেকে যন্ত্র এনে রড কেটে অটোয় থাকা সকলকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উত্তমকে নিয়ে যাওয়া হচ্ছিল বারাসত মেডিক্যাল কলেজে। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর আগেই তাঁর মৃত্যু হয়। অপর দুই আইনজীবীর চিকিৎসা চলছে হাসপাতালে। এমন খবরে শোকস্তব্ধ বারাসত আদালতের আইনজীবী মহল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন