Suvendu Adhikari in Diamond Harbour

মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাক্ষাৎপ্রার্থী তৃণমূল বিধায়ক পান্নালাল! ডায়মন্ড হারবারের হালদারকে নিয়ে চর্চা অভিষেকের গড়ে

শনিবার দুপুরে ডায়মন্ড হারবারের প্রশাসনিক ভবনের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল পান্নালাল হালদারকে। তিনি জানালেন, বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:০৫
ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে গেলেন তৃণমূল বিধায়ক।

ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে গেলেন তৃণমূল বিধায়ক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তিনি। সেই পান্নালাল হালদারই চলে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। শনিবার দুপুরে ডায়মন্ড হারবারের প্রশাসনিক ভবনের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তাঁকে। জানালেন, বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছিলেন। কিন্তু দেখা হয়নি। ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকলেন তৃণমূলের দু’বারের বিধায়ক।

Advertisement

শনিবার মুখ্যমন্ত্রী তাঁর জেলাসফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা থেকে। সামনেই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতার পুনর্নির্বাচন রয়েছে। তার আগে ফলতায় সভা করবেন শুভেন্দু। তার আগে তিনি জেলার পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ঠিক সেই সময় বাইরে দেখা যায় তৃণমূলের প্রবীণ বিধায়ক পান্নালালকে। তিনি বলেন, ‘‘আমি দেখা করতে এসেছি। স্বাগত জানাতে এসেছি মুখ্যমন্ত্রীকে।’’ নিজের বিধানসভা এলাকার উন্নয়ন সংক্রান্ত কথা বলবেন? পান্নালাল জানালেন, সুযোগ পেলে জানাবেন। তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য উপস্থিত হয়েছেন। যদিও দলবদল করছেন কি না প্রশ্ন করতেই তৃণমূলের পান্না বললেন, ‘‘এ সব অবান্তর কথা।’’

পান্নালাল ডায়মন্ড হারবার থেকে পর পর দু’বার তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। সেই তিনি কেন শুভেন্দুর সাক্ষাৎপ্রার্থী, তা নিয়ে কৌতূহল রয়েছে। তবে পান্নালাল বলছেন, এতে জল্পনার অবকাশ নেই। তিনি বিধায়ক। তাঁর এলাকায় মুখ্যমন্ত্রী এসেছেন। তাঁকে সম্মান জানানো তো সৌজন্য। তাই ফুলের তোড়া নিয়ে শুভেন্দুকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন। কিন্তু দেখা হয়নি। আগেই বৈঠকে ঢুকে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আমি একটা ফুলের তোড়া দিয়ে সম্মান জানাতে এসেছিলাম। দেখলাম, তিনি উপরে উঠে গিয়েছেন। তাই চলে এলাম।’’

পান্নালাল এ-ও জানান, মুখ্যমন্ত্রীই তাঁকে বলেছিলেন ডায়মন্ড হারবারে দেখা করবেন। তৃণমূল বিধায়কের কথায়, ‘‘কালকেও হাত ধরে বলেছে, পান্নাদা তুমি থেকো। আমি বলেছিলাম, প্রোটোকল তো থাকবে। বলেছিল, তবুও তুমি থেকো... । আমি এসেছি। চলে যাচ্ছি।’’ বলেই সৌজন্যের হাসি দিলেন পান্নালাল।

Advertisement
আরও পড়ুন