Bangaon

স্বচ্ছন্দে থানায় আসতে পারবেন মহিলারা, আশা 

প্রতিটি মহিলা সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মী ও মহিলা অফিসার থাকবেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৯:০৮

মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করা এবং সাইবার অপরাধের দ্রুত মোকাবিলার লক্ষ্যে রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে থানায় বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে চালু হল মহিলা সহায়তা কেন্দ্র ও সাইবার ক্রাইম সহায়তা কেন্দ্র। বনগাঁ, বসিরহাট, দত্তপুকুর, দেগঙ্গা, আমডাঙা-সহ একাধিক থানায় এই পরিষেবা চালু হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে মহিলারা আরও স্বচ্ছন্দে থানায় এসে অভিযোগ জানাতে পারবেন এবং সাইবার প্রতারণার ঘটনায় দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিটি মহিলা সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মী ও মহিলা অফিসার থাকবেন। কোনও মহিলা পারিবারিক নির্যাতন, যৌন হেনস্থা, গার্হস্থ্য হিংসা, স্টকিং, ব্ল্যাকমেল বা অন্য কোনও সমস্যার অভিযোগ নিয়ে থানায় এলে তাঁকে সরাসরি মহিলা সহায়তা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে গোপনীয়তা বজায় রেখে অভিযোগ শোনা, নথিভুক্ত করা, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকবে। প্রয়োজনে দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে।

পুলিশের মতে, অনেক ক্ষেত্রেই মহিলারা পুরুষ পুলিশকর্মীর কাছে সংবেদনশীল অভিযোগ জানাতে অস্বস্তিবোধ করেন। বিশেষ করে যৌন নির্যাতন বা পারিবারিক হিংসার মতো ঘটনায় অনেকেই থানায় যেতে দ্বিধাগ্রস্ত হন। মহিলা সহায়তা কেন্দ্র সেই বাধা দূর করবে। মহিলা পুলিশকর্মীদের উপস্থিতিতে তাঁরা আরও নির্ভয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। ফলে অভিযোগ গোপন না থেকে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

বনগাঁ থানাতেও এই কেন্দ্র চালু হয়েছে। যদিও বনগাঁয় পৃথক মহিলা থানা রয়েছে, তবুও পরিকাঠামোগত সীমাবদ্ধতা, স্থায়ী আইসি-র অভাব, লকআপ না থাকা এবং পর্যাপ্ত পুলিশকর্মী না থাকায় বহু মহিলা অভিযোগ নিয়ে মূল বনগাঁ থানাতেই আসেন। সে কারণেই বনগাঁ থানার মহিলা সহায়তা কেন্দ্রের গুরুত্ব বিশেষ ভাবে বাড়ছে বলে মনে করছে পুলিশ।

অন্য দিকে, বসিরহাট থানায় মহিলা সহায়তা কেন্দ্রের পাশাপাশি চালু হয়েছে সাইবার ক্রাইম সহায়তা কেন্দ্র। সেখানে একজন ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে কম্পিউটার অপারেটররা কাজ করছেন। বসিরহাট থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ মহম্মদ ফিরোজ আলি জানান, প্রথম দিনেই একাধিক অভিযোগ জমা পড়েছে এবং সেগুলির তদন্ত শুরু হয়েছে।

বারাসত পুলিশ জেলার দত্তপুকুর, দেগঙ্গা ও আমডাঙা থানাতেও ২৪ ঘণ্টা খোলা থাকবে মহিলা হেল্প ডেস্ক। প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা অভিযোগ গ্রহণের পাশাপাশি কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করবেন। একই সঙ্গে চালু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। পুলিশ জানিয়েছে, সাইবার প্রতারণার অভিযোগ যত দ্রুত জাতীয় সাইবার অপরাধ পোর্টালে নথিভুক্ত করা যাবে, প্রতারিত অর্থ ফেরানোর সম্ভাবনাও তত বাড়বে।

জেলা পুলিশের এক আধিকারিক জানান, এই কেন্দ্র চালুর মূল উদ্দেশ্য, মহিলাদের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি, এলাকায় মহিলাদের নিরাপত্তা বাড়াতে দুর্গাবাহিনীর সদস্যদের মোটর বাইকে টহলও আরও জোরদার করা হবে।

পুলিশ ও প্রশাসনের আশা, মহিলা সহায়তা কেন্দ্র এবং সাইবার হেল্প ডেস্ক চালুর ফলে মহিলারা আরও সহজে ও নির্ভয়ে পুলিশের দ্বারস্থ হবেন। একই সঙ্গে সাইবার প্রতারণার মতো বাড়তে থাকা অপরাধের বিরুদ্ধেও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন