Child Died in Ketugram

স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ছাদের চাঙড় পড়ে মৃত্যু চার মাসের কন্যার! কেতুগ্রামের পরিবার বলছে, অভিযোগ করেও লাভ হয়নি

মৃত শিশুর মা শিবানী সোরেন কাটোয়া মহকুমার একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন। তার বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১০:২৮

— প্রতীকী চিত্র।

সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে ছাদের চাঙড় ভেঙে পড়ল চার মাসের কন্যার উপরে। মৃত্যু হল সেই শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে। মৃত শিশুর নাম প্রিয়দর্শিনী বেসরা। এই ঘটনার পরে কোয়ার্টারের বেহাল দশা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার। প্রশাসন পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে।

Advertisement

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল প্রিয়দর্শিনী। সেই সময় আচমকাই কোয়ার্টারের ছাদের একটি বড় চাঙর ভেঙে তার মাথার উপর পড়ে। তড়িঘড়ি তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয় পরিবার। যদিও পথেই মৃত্যু হয় শিশুটির।

মৃত শিশুর মা শিবানী সোরেন কাটোয়া মহকুমার একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছেন। তার বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। পরিবারটি কেতুগ্রামের ওই সরকারি কোয়ার্টারে থাকছিল। তাদের অভিযোগ, কোয়ার্টারের জীর্ণ অবস্থার কথা জানিয়ে একাধিক বার স্বাস্থ্য দফতরে লিখিত ভাবে আবেদন করা হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁদের দাবি, সময়মতো মেরামত করা হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

শুধু ওই কোয়ার্টার নয়, স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কোয়ার্টারের অবস্থাও শোচনীয় বলে অভিযোগ আবাসিকদের। তাঁরা জানিয়েছেন, বহু বছরের পুরনো এই কোয়ার্টারগুলিতে প্রাণের ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এই ঘটনার পরে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌভিক আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Advertisement
আরও পড়ুন