বিয়ের দিন প্রাক্তন স্বামীর কাণ্ডে হতবাক মাম্পি বেদ। —নিজস্ব চিত্র।
প্রাক্তন স্ত্রীর বিয়েবাড়িতে গুন্ডা নিয়ে হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। গুলিতে জখম হয়েছেন পাত্রীর কাকা। অভিযোগ, প্রাক্তন স্ত্রীর বিয়ের খবর পেয়ে কাকাশ্বশুরকে গুলি করে পালিয়ে গিয়েছেন ওই যুবক। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের অন্ডাল।
রবিবার দুপুর ২টো নাগাদ গুলির শব্দ, চিৎকার-চেঁচামেচিতে উত্তেজনা ছড়ায় অন্ডালের সিদুলির বেদপাড়া এলাকায়। সেখানে মাম্পি বেদ নামে স্থানীয় এক যুবতীর বিয়ে ছিল। ওই বিয়েবাড়িতেই গুলি চলে বলে খবর। গুলিতে জখম হয়েছেন পাত্রীর কাকা সরাবর বেদ।
স্থানীয় সূত্রে খবর, প্রথম স্বামীর অত্যাচারে বছর চারেক আগে শ্বশুরবাড়ি ছাড়েন মাম্পি। তার পর থেকে সিদুলির বেদপাড়ায় কাকা সরাবরের বাড়িতে থাকতেন তিনি। বেশ কিছু দিন ধরে ভাইঝির দ্বিতীয় বিবাহের তোড়জোড়় করছিলেন সরাবর। শেষমেশ পাত্র ঠিক হয়। রবিবার ছিল বিয়ে।
পরিবারের অভিযোগ, বিয়ের উপাচার শেষ হয়েছে, এমন সময় তাদের বাড়িতে একটি চারচাকা গাড়ি নিয়ে উপস্থিত হন মাম্পির প্রথম পক্ষের স্বামী শিবা বেদ। জনা কয়েক গুন্ডাকে নিয়ে বিয়েবাড়িতে ঢুকেই মারধর, ভাঙচুর শুরু করেন প্রাক্তন জামাই। বাধা দিতে যান মাম্পির কাকা। তখন শিবা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ।
অভিযুক্তদের ধরার চেষ্টা করেন স্থানীয়েরা। কিন্তু গাড়ি নিয়ে তাঁরা চম্পট দেন। ঘটনাক্রমে গুলিতে জখম ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মাম্পির অভিযোগ, কাকাকে খুনের চেষ্টা করেন তাঁর প্রাক্তন স্বামী। তিনি বলেন, ‘‘দুর্গাপুরের কুরুরিয়াডাঙায় আমার বিয়ে হয়েছিল। স্বামী প্রতিদিন অত্যাচার করত। সহ্য করতে না পেরে কাকার কাছে চলে এসেছিলাম। আজ অন্য এক জনের সঙ্গে আমার বিয়ের খবর পেয়ে শিবা বাড়িতে চলে আসে। জিনিসপত্র ভাঙচুর করে। গুন্ডা নিয়ে এসে আমাদের উপরে হামলা চালায়। কাকা বাধা দিতে গেল তাকে গুলি করে পালিয়ে যায় শিবা।’’
মাম্পির আত্মীয়েরা জানিয়েছেন, এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সরাবর। অন্য দিকে, প্রকাশ্যে এমন গুলি চলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। তবে এ পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবর মেলেনি।