Fire in Bus

ভিতরে ৪৫ জন বরযাত্রী, জাতীয় সড়কে হঠাৎ আগুন ধরল চলন্ত বাসে! শক্তিগড়ের কাছে চাঞ্চল্যকর ঘটনা

বাস থামিয়ে সকলকে নেমে যেতে বলেন চালক। তার কিছু ক্ষণের মধ্যে পুরো বাসটিতেই আগুনে পুড়ে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:০০
Fire in Bus

জাতীয় সড়কের উপর জ্বলন্ত বাস। —নিজস্ব ছবি।

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সকলে। গানবাজনা, হাসিঠাট্টার মাঝে হঠাৎ ছ়ড়াল আতঙ্ক। জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন ধরল বুধবার। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পেলেন বরযাত্রীরা।

Advertisement

দুর্ঘটনাটি হয়েছে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের জোৎরামে। স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের বীরপুর বরযাত্রীদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর যাচ্ছিল একটি বাস। ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের জোৎরাম এলাকায় হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে। প্রথমে বিপদ বুঝতেই পারেননি বাসচালক। রাস্তায় এক বাইক আরোহী তাঁকে চিৎকার করে বিষয়টি জানান। তৎক্ষণাৎ বাস থামিয়ে সকলকে নেমে যেতে বলেন চালক। তার কিছু ক্ষণের মধ্যে পুরো বাসটিতেই আগুনে পুড়ে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল শক্তিগড় থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বাসটি তত ক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে। দুর্ঘটনার বিবরণ দেন বরযাত্রী প্রদীপ ঘোষ। আতঙ্কিত ওই ব্যক্তি বলেন, ‘‘বীরপুর গ্রাম থেকে আমরা ৪৫ জন বরযাত্রী দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে যাচ্ছিলাম। হঠাৎ একজন বাইকচালক চিৎকার করে জানান, বাসের পিছনের বাঁ দিকের চাকায় আগুন লেগেছে। চালক বাস থামিয়ে আমাদের নামিয়ে দেন। আমরা বাস থেকে নামতেই দাউ দাউ করে জ্বলে যায় পুরো বাস।’’ দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক অরিজিৎ চক্রবর্তী বলেন, ‘‘জাতীয় সড়কের ধারে তড়িঘড়ি বাস থামিয়ে যাত্রীদের নামতে বলেছিলাম।’’ তাঁর অনুমান, যান্ত্রিক গোলযোগ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ওই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণের জন্য ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে যান চলাচল ব্যাহত হয়।

Advertisement
আরও পড়ুন