নোয়াদার ঢাল স্টেশন। নিজস্ব চিত্র।
দীর্ঘদিনের অপেক্ষা এবং বহু আন্দোলনের পর অবশেষে নোয়াদার ঢালে নতুন রেল ওভারব্রিজ (আরওবি) নির্মাণের কাজ শুরু হতে চলেছে। পুরনো রেলসেতুটি অক্ষত রেখেই তার পাশে নতুন আরওবি নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার জেলা ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্রকল্পের এলাকা পরিদর্শন করেন।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এলাকার যোগাযোগ ব্যবস্থা যাতে ব্যাহত না হয়, সেই কারণে পুরনো রেলসেতুটি ভেঙে ফেলা হবে না। বরং তার পাশে নতুন এই রেল সেতু নির্মাণ করা হবে। নতুন সেতু চালু হলে নোয়াদা, দেয়াসা, আলিগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে বলে জানায় তারা। এর পাশাপাশি এই এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশাবাদি তারা।
উল্লেখ্য খানা জংশনের রামপুরহাট লুপ লাইনের অর্ন্তগত নোয়াদার ঢাল স্টেশন। সেখানেই পুরনো রেলসেতু পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকেরা। তাঁদের সঙ্গে ছিলেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও বিমান কর, ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিভাষ কুমার দাস, মহকুমা প্রশাসনের প্রতিনিধি, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং রেলের গতি শক্তি বিভাগের আধিকারিক ও বাস্তুকাররা। দীর্ঘক্ষণ ধরে সম্ভাব্য সেতুর নকশা, রাস্তার অবস্থান, জমির পরিমাপ এবং নির্মাণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে।
রেলের এক আধিকারিক জানান, আরওবির নির্মাণকাজ রেল কর্তৃপক্ষ করবে। অন্যদিকে সংযোগকারী রাস্তা ও বাকি পরিকাঠামো নির্মাণের দায়িত্ব থাকবে রাজ্য সরকারের উপর। তিনি জানান, জমি সংক্রান্ত সমস্যার কারণে এতদিন প্রকল্প এগোতে পারেনি। এখন সেই জট কেটে যাওয়ায় জমি অধিগ্রহণ ও মাপজোকের কাজ দ্রুত শুরু করা হবে।
গুসকরা-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবীর মণ্ডল জানান, গ্রামের ভিতর দিয়ে রাস্তা সম্প্রসারণ করতে গেলে বহু সমস্যার সৃষ্টি হত। বর্তমান পরিকল্পনায় সেই সমস্যা এড়ানো সম্ভব বলে মনে করছেন তিনি। দ্রুত প্রকল্পের কাজ শুরু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলেও জানান তিনি।
স্থানীয় এলাকার বাসিন্দা তাপস বজর ও অশোক ঘোষ জানান, বহু বছর ধরে নতুন আরওবির দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। নতুন আরওবি তৈরি হলে শুধু যাতায়াতের সুবিধার পাশাপাশি এলাকার অনেক পরিকাঠামোগত উন্নয়নন হবে এবং নোয়াদার ঢাল সহ আশপাশের এলাকার চিত্র বদলে যাবে।