Suvendu Adhikari

মমতাকে হারাতে ‘প্রস্তুত’: শুভেন্দু

এলাকায় গিয়ে আসন্ন ভোটে মমতাকে ভবানীপুরে হারাতে তাঁরা তৈরি বলে বৃহস্পতিবার ফের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০
ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। — নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মধ্যে চক্রবেড়িয়া রোডে বিজেপির দফতর লাগোয়া এলাকায় দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় গিয়ে আসন্ন ভোটে মমতাকে ভবানীপুরে হারাতে তাঁরা তৈরি বলে বৃহস্পতিবার ফের দাবি করলেন বিরোধী নেতা। তাঁর বক্তব্য, “এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না। মমতাকে ভবানীপুরে হারাতে বিজেপি সব রকম ভাবে প্রস্তুত।” নতুন করে দলীয় পতাকা টাঙিয়েছে বিজেপি। বিরোধী নেতার দাবি, “এঁরা ভবানীপুরে হারের ভয়ে আতঙ্কিত। ‘কাটমানি পুর-প্রতিনিধি’রা এই সব কাণ্ড ঘটিয়েছে। পুলিশে অভিযোগ করা হয়েছে। বিজেপি সরকার এলে এর ভিত্তিতে ব্যবস্থা হবে। মূল-সহ মহাজঙ্গলরাজ আমরা উপড়ে ফেলব!” শুভেন্দুর সঙ্গে ছিলেন দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য-সহ অন্যেরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেছেন, “পুরোটাই বিজেপির তৈরি চিত্রনাট্য। শুভেন্দুর ছিঁচকাঁদুনে স্বভাব! জনসমর্থন থাকলে উনি নিজে ভবানীপুরে প্রার্থী হোন।”

আরও পড়ুন