Protem Speaker

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন তাপস! বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণের পর স্পিকার নির্বাচন হবে শুক্রবার

প্রোটেম স্পিকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও ছিলেন রাজ্যের নবনির্বাচিত মন্ত্রী এবং কয়েক জন হবু বিধায়কও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৮:৪৩
BJP candidate Tapas Roy, who won Maniktala, takes oath as protem speaker

শপথ নিলেন তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে। ছবি: সংগৃহীত।

বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের লোক ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। বুধ এবং বৃহস্পতিবার রাজ্যের অন্য বিধায়কদের শপথগ্রহণ হবে। তার পরে ১৫ মে, শুক্রবার স্পিকার নির্বাচন। সূত্রের খবর, তাপসকেই বিধানসভার অধ্যক্ষ পদের জন্য মনোনীত করা হতে পারে।

Advertisement

প্রোটেম স্পিকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে হাজির ছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরেই সোজা চলে যান লোক ভবনে। ছিলেন রাজ্যের কয়েক জন মন্ত্রী এবং হবু বিধায়কও। শপথ নিয়ে বেরিয়ে তাপস জানান, বুধ এবং বৃহস্পতিবার বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ হবে।

মঙ্গলবার থেকেই বিধানসভা সেজে উঠেছে গেরুয়া আলোয়। সন্ধ্যা গড়াতেই বিধানসভা চত্বরের বিভিন্ন জায়গায় গেরুয়া রঙের আলো জ্বলতে দেখা যায়। শুধু তা-ই নয়, লোক ভবনের বাইরে যে গার্ডরেল রয়েছে, তাতেও গেরুয়া ছোঁয়া।

রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। তা ছাড়া শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। ফলে বুধ এবং বৃহস্পতিবার মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন তাপস। শপথগ্রহণ পর্ব মিটতেই স্পিকার নির্বাচন। স্পিকার বাছাই প্রক্রিয়া শেষ হলে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর।

বুধবার প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং অন্য মন্ত্রীদের বিধায়কপদে শপথ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়কপদে শপথ নেবেন। এর পরে বৃহস্পতিবার প্রধমার্ধে শপথবাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে।

Advertisement
আরও পড়ুন