Nitin Nabin

পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে আজ বৈঠকে নিতিন

বৈঠকটি হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে। যাতে রাজ্যের সমস্ত সাংসদ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যসভার মনোনীত সাংসদ, বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া হর্ষবর্ধন শ্রিংলাকেও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫২
নিতিন নবীন।

নিতিন নবীন। —ফাইল চিত্র।

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আগামিকাল দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। গত এক সপ্তাহের মধ্যে রাজ্যে বিজেপির নেতাদের সঙ্গে এটি দ্বিতীয় বৈঠক নিতিনের।

আগামিকালের ওই বৈঠকটি হবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে। যাতে রাজ্যের সমস্ত সাংসদ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যসভার মনোনীত সাংসদ, বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া হর্ষবর্ধন শ্রিংলাকেও। বৈঠকে নিতিন নবীন ছাড়াও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, বিপ্লব দেব, অমিত মালবীয়দের উপস্থিত থাকার কথা রয়েছে। বৈঠক শেষে থাকবে নৈশভোজের ব্যবস্থা।

দায়িত্ব নেওয়ার পরেই প্রথম রাজনৈতিক রাজ্য সফরে ভোটমুখী পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিলেন নিতিন। দুর্গাপুরে হওয়া সেই বৈঠকের সাত দিনের মধ্যেই ফের বাংলার নেতৃত্বের সঙ্গে বৈঠক বুঝিয়ে দিয়েছে এ যাত্রায় পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে কতটা মরিয়া বিজেপি। সূত্রের মতে, আগামিকালের বৈঠকে মূলত দলের নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনা করা হবে। দল চাইছে, বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হতেই সাংসদেরা নিজেদের এলাকায় গিয়ে দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়ুন। তাই ভোটের সময় সাংসদদের উপর কী ধরনের দায়িত্ব দেওয়া হবে, তার একটি প্রাথমিক রূপরেখা কালকের বৈঠকে স্থির করে দিতে চাইছেন নিতিন। পাশাপাশি প্রতিটি সাংসদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে সেগুলির জেতা বা হারার সম্ভাবনা কতটা, বুথভিত্তিক চিত্রটি কেমন, তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন