Indian Railways

রাজ্যের তিন রেল প্রকল্পে ছাড় কেন্দ্রের

নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ পথে ডবল লাইন নির্মাণের একটি প্রকল্প কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৭:৪৫

—প্রতীকী চিত্র।

তিনটি রেল প্রকল্পের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দু’টি প্রকল্পের ছাড়পত্রের সঙ্গে আর একটি প্রকল্পের সবিস্তার প্রকল্প রিপোর্ট তৈরিতে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ পথে ডবল লাইন নির্মাণের একটি প্রকল্প কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে এ দিন। ওই প্রকল্পে প্রয়োজনীয় সমীক্ষা আগেই সম্পূর্ণ হয়েছিল। তবে আটকে ছিল মূল কাজ। রাজ্যে বিজেপি সরকার তৈরির পরে প্রকল্পের সামনে জট কাটানোর বার্তা পেয়ে কাজ শুরু করার অনুমোদন দিয়ে রেল মন্ত্রক থেকে রাজ্য প্রশাসনের কাছে এ দিনই চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়াও সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে জয়পুর পর্যন্ত বিশেষ এক্সপ্রেস ট্রেন চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এত দিন মূলত পূর্ব রেলের মাধ্যমেই এ রাজ্য থেকে রাজস্থানগামী ট্রেন চলাচল করত। এ বার দক্ষিণ পূর্ব রেলের মাধ্যমেও চলবে রাজস্থানগামী ট্রেন। এর ফলে, খড়্গপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার যাত্রীদের সুবিধা বাড়বে। এর পাশাপাশি, শালবনী থেকে আদ্রা পর্যন্ত ১০৭ কিলোমিটার দীর্ঘ পথে তৃতীয় লাইন নির্মাণ প্রকল্পের চূড়ান্ত সমীক্ষা বা ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছে রেল। ওই প্রকল্প রূপায়িত হলে জঙ্গলমহলের সঙ্গে যোগাযোগ উন্নত হবে। শিল্প-বিনিয়োগের প্রশ্নেও সেই পরিকাঠামো ইতিবাচক ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এ রাজ্যে ৬১টি রেল-প্রকল্প আটকে ছিল জমি জটের কারণে। তার মধ্যে ২০টি প্রকল্প শুরুই করা যায়নি। ৪১টি প্রকল্প শুরু হলেও, একই কারণে মাঝপথে থমকে রয়েছে। প্রশাসনিক মহলের ধারণা, রেলমন্ত্রীর এ দিনের বার্তায় স্পষ্ট, বাকি প্রকল্পগুলি শুরু করতে কালক্ষেপ করবে না কেন্দ্র।

আরও পড়ুন