Special Intensive Revision

জ্ঞানেশকে ফের তোপ মুখ্যমন্ত্রীর

এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের সরব হয়েছেন মমতা। জ্ঞানেশের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমি যে কথা বলছিলাম, তার উত্তর ওঁর কাছে ছিল না। অভিষেক (বন্দ্যোপাধ্যায়) বলল। আমি দু’-তিনটি বিষয় বললাম।”

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২
(বাঁ দিকে) জ্ঞানেশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) জ্ঞানেশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) আবহে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর আচরণ নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেসের পোস্ট করা একটি ভিডিয়োয় মমতা বলেছেন, “প্রোটোকল অনুযায়ী, উনি আমাদের অনেক নীচে। গ্যাঁট হয়ে বসে রইলেন! উঠে দাঁড়ানোর সৌজন্য দেখাননি। আমরা ফুল, মিষ্টি নিয়ে গিয়েছিলাম। ৪টেয় সময় দেওয়ার পরেও আমরা ২০ মিনিট বাইরে বসেছিলাম। সবাইকে সই করিয়েছে। আমি বলেছি, ‘করব না’। জিজ্ঞাসা করলাম, সংবাদমাধ্যমকে আসার অনুমতি দেননি কেন? আমি জানতাম, উল্টোপাল্টা বলবে।”

এর পাশাপাশি, এসআইআর প্রক্রিয়া নিয়েও ফের সরব হয়েছেন মমতা। জ্ঞানেশের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমি যে কথা বলছিলাম, তার উত্তর ওঁর কাছে ছিল না। অভিষেক (বন্দ্যোপাধ্যায়) বলল। আমি দু’-তিনটি বিষয় বললাম। যুক্তিগ্রাহ্য অসঙ্গতির বিষয়টি এসআইআর-এ ছিল না। মেয়েদের বিয়ের ফলে অনেক সময় পদবি-ঠিকানা বদলায়। তাঁদের নাম কাটা হচ্ছে। মুসলিম দেখলে তো কথাই নেই। আদিবাসীদের অনেকের নামও কেটেছে। আপনি এসআইআর করার জন্য ২৪ বছর (আগের এসআইআর ২০০২-এ) নিলেন, ভোটের জন্য তিন মাস অপেক্ষা করতে পারলেন না?”

আরও পড়ুন