মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজ্যের সব ক’টি থানায় বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেল সাইবার অপরাধ সংক্রান্ত এবং মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক।
সরকার গঠনের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের আধুনিকীকরণের পাশাপাশি, সব থানায় মহিলা হেল্প ডেস্ক গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী নবান্ন সভাঘর থেকে রাজ্যের ৫০০ থানায় এই পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই হেল্প ডেস্ক দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে এবং প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীরা মোতায়েন থাকবেন। মহিলারা তাঁদের সমস্যার কথা মহিলা পুলিশকর্মীদের যাতে জানাতে পারবেন, তাঁদের পরামর্শ পাবেন এবং প্রয়োজনে কাউন্সেলিংয়ের সুবিধাও পাবেন।
একই সঙ্গে থানায় থানায় সাইবার হেল্প ডেস্কও চালু করা হল। যে কোনও সাইবার প্রতারণার ক্ষেত্রে যত দ্রুত জাতীয় সাইবার অপরাধ পোর্টালে অপরাধ নথিভুক্ত হবে তত প্রতারণার টাকা ফেরত পাওয়ার সম্ভবনা বাড়ে। পুলিশি পরিভাষায় যাকে বলে ‘গোল্ডেন আওয়ার’। বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত সেই কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘ভুক্তভোগী বা প্রতারিতের সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সঙ্গে সমন্বয়ের কাজ করবে এই বিশেষ হেল্প ডেস্ক।’’
২০২২ সালেই কেন্দ্রীয় সরকার থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছিল বলে জানান ডিজি সিদ্ধনাথ। কিন্তু বিগত সরকারের আমলে সেই প্রকল্প রূপায়িত হয়নি বলে অভিযোগ।
নারী সুরক্ষার জন্য দুর্গাবাহিনীও যাত্রা শুরু করল বৃহস্পতিবার। এলাকায় মহিলাদের উপর অপরাধ ঠেকাতে এই দুর্গাবাহিনীর সদস্যেরা মোটরবাইকে টহল দেবেন। প্রথম দফায় ২১৩ মোটরসাইকেল বরাদ্দ করা হয়েছে মহিলা পুলিশকর্মীদের জন্য। ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হবে।
পুলিশের পরিকাঠামো উন্নয়নের পদক্ষেপ হিসাবে কলকাতা সংলগ্ন পুলিশ জেলাগুলিতে লাইভ অডিয়ো-ভিডিয়ো সম্প্রচারের ২০টি যন্ত্র এবং ক্যামেরা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার। কলকাতা পুলিশ দীর্ঘ দিন ধরে এই যন্ত্র ব্যবহার করছে। কোনও বড় মিছিল, আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় লাইভ সম্প্রচার দেখা যাবে পুলিশের কন্ট্রোল রুম থেকে। ফলে লাইভ পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন পুলিশকর্তারা।
বৃহস্পতিবারের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের আরও আধুনিকীকরণের উপর জোর দেন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের হৃত গৌরব ফিরিয়ে আনার কথাও বলেন। রাজ্যের পুলিশ বাহিনীকে দক্ষতার দিক থেকে আধাসেনার সমকক্ষ করে তোলার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। থানা প্রতি পুলিশের ‘রেসপন্স’ বা খবর পেয়ে কোনও ঘটনাস্থলে দ্রুত পৌঁছোনোর জন্য থানা প্রতি আরও গাড়ি আগামী অর্থবর্ষ থেকে বরাদ্দ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দু পুলিশকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘‘আমি জানি এখনও পরিকাঠামোগত সমস্যা আছে। থানার বর্তমান জায়গার মধ্যেই কিয়স্ক করে আপনাদের এই পরিষেবা দিতে হবে। তার পরেও বলব, আপনারা চেষ্টা করবেন যাতে এই পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ আমার কাছে না আসে।’’