Suvendu Adhikari on Taratala Incident

তারাতলার গুদামে নকশায় ত্রুটি! কলকাতায় তৃণমূল জমানায় ছাড় পাওয়া সব নির্মাণ খতিয়ে দেখবে রাজ্য, কাজ বন্ধ ৩১ জুলাই পর্যন্ত

শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:১২
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতা পুর এলাকায় সমস্ত নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতার তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন। এখনও ভিতরে ১২ থেকে ১৫ জন আটকে রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের পরেই নবান্নে চলে যান তিনি। সেখানেই সাংবাদিক বৈঠকে কলকাতার সমস্ত নির্মাণকাজ আপাতত স্থগিত রাখার কথা জানান তিনি।

Advertisement

শুভেন্দু জানান, তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের পূর্ত, অসামরিক প্রতিরক্ষা দফতর, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকেরা। তাঁরা বাড়ির নকশা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা ১ অগস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু বলেন, কলকাতার পুর এলাকায় আগের আমলে অনুমোদিত নির্মীয়মাণ বাড়ি বা বহুতল যত আছে, বিশেষ করে বাণিজ্যিক কাজে ব্যবহৃত বা যেখানে জলাশয় বুজিয়ে নির্মাণকাজ হচ্ছে, সেগুলির কাজ ৩১ জুলাই অবধি বন্ধ থাকবে। প্রত্যেকটার অডিট হবে।” একই ধরনের পদক্ষেপ পরে হাওড়া এবং বিধাননগর পুর এলাকাতেও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তারাতলায় যে গুদামের কাঠামো ভেঙে পড়েছে, সেটির নকশা গত ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা অনুমোদন করেছিল। পোর্ট ট্রাস্টের জমি লিজ় নিয়েছিলেন বেহরা ব্রাদার্স নামক সংস্থার মালিক শম্ভুনাথ বেহরা। তারাতলার ঘটনায় সরকার কী কী আইনি পদক্ষেপ করব‌ে, হতাহতদের পরিবার কতটা ক্ষতিপূরণ পাবে, তা বৃহস্পতিবার বেলা ১১টার সময় বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, “প্রাথমিক ভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারেরা জানিয়েছেন (গুদামের) ত্রুটিযুক্ত নকশা (প্ল্যান) ছিল। প্রযুক্তিগত বিষয় সম্পর্কে অবহিত মানুষেরা কাজ করছেন। বাকিটা আমি বিধানসভায় জানাব।”

তারাতলার ঘটনায় দ্রুত উদ্ধারকাজে নামার জন্য দমকল, অসামরিক প্রতিরক্ষা দফতর এবং জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দল (এনডিআরএফ)-কে ধন্যবাদ জানান শুভেন্দু। জানান যে, দ্রুত উদ্ধারকাজ শুরু না-হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। যাঁরা ভিতরে আটকে রয়েছেন, তাঁদের জন্য জল এবং অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এ-ও জানান যে, সন্ধ্যায় ঘটনাস্থলে যাবেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। শুভেন্দু জানান, দুপুর ১২টা ৭ মিনিটে গুদামের লোহা এবং কংক্রিটের কাঠামো ভেঙে পড়ে। প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং দমকল। দুপুর ৩টের পর রাজ্য প্রশাসনের অনুরোধে উদ্ধারকাজে নামে সেনা।

Advertisement
আরও পড়ুন