Prateik Babbar

স্মিতার নাম নিয়ে হাসি-ঠাট্টা, প্রতীকের পদবি বদল নিয়ে কী বললেন সৎভাই আর্য বব্বর?

টাকাপয়সার প্রয়োজন হলে তবেই নাকি প্রতীক বাবার খোঁজ নেন। সম্প্রতি একটি স্ট্যান্ডআপ অনুষ্ঠানে এসে আর্য ‘ছোট ভাই’ সম্বোধন করে ‘ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করতেই শুরু হয় বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৯:০৬
(বাঁ দিক থেকে) প্রতীক স্মিতা পাটিল, স্মিতা পাটিল, আর্য বব্বর।

(বাঁ দিক থেকে) প্রতীক স্মিতা পাটিল, স্মিতা পাটিল, আর্য বব্বর। ছবি: সংগৃহীত।

বাবা রাজ বব্বরের পদবি ত্যাগ করেছেন প্রতীক বব্বর। বর্তমানে তাঁর নাম প্রতীক স্মিতা পাটিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতীককে নিয়ে মুখ খুলেছেন তাঁর সৎভাই আর্য বব্বর। রাজ বব্বরের প্রথম পক্ষের পুত্রের দাবি, টাকাপয়সার প্রয়োজন হলে তবেই নাকি প্রতীক বাবার খোঁজ নেন। সম্প্রতি একটি স্ট্যান্ডআপ অনুষ্ঠানে এসে আর্য ‘ছোট ভাই’ বলে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসেন। তার পরেই প্রতীকের মা স্মিতা পাটিলের নাম নিয়ে আর্য দর্শকের সামনে বলেন ‘‘দেখছ স্মিতা মা, কী হচ্ছে?’’ এই নিয়ে সমাজমাধ্যমে বিতর্ক শুরু হতেই পাল্টা কী বললেন আর্য?

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে কৌতুক-মন্তব্য করেছিলেন। সেখানেই ছেলেদের শরীরের একটি অঙ্গ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘‘ছোট ভাই উত্তেজিত হয়ে যায়।’’ আর্য নিজেই এর পরে জানান, তাঁর এই মন্তব্য যৌনাঙ্গ সম্পর্কিত। আর তাতেই দর্শক হেসে উঠলে আর্য স্পষ্ট করে বলেন, ‘‘ছোট ভাই বলতে কী, প্রতীক বব্বর ভাবলেন?’’ তাতে দর্শক দ্বিগুণ হেসে উঠলে মাইক হাতে আর্য আবার বলেন, ‘‘দেখছ স্মিতা মা, কী হচ্ছে?’’

সামনে বসে থাকা দর্শক তাঁর ওই বিতর্কিত কৌতুকে হাস্যরস খুঁজে পেতেই ফের সৎভাইয়ের পদবি বদলের প্রসঙ্গে টেনে এনে আর্য বলেন, ‘‘মার্জনা করবেন, আমি প্রতীক স্মিতা পাটিলের কথা বলছি।’’

আর্য এই ভিডিয়োর অংশটি নিজেই সমাজমাধ্যমের পাতায় দিয়েছেন। আর্যের এ হেন মন্তব্যকে ঘিরে বিতর্কও শুরু হয়েছে। শুধু তা-ই নয়, অনেকেই বলেছেন, নিজের ভাইকে নিয়ে কাজের জায়গায় রসিকতা করছেন আর্য। তাতে আবার আর্য জানান, তিনি অপারগ। তাঁর বক্তব্য, যদি প্রতীক তাঁর ফোনের উত্তর দিতেন, তা হলে আর এটা করতে হত না। আর্য বলেন, ‘‘প্রতীক তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার মাধ্যম হিসাবে সংবাদমাধ্যমকে বেছে নিয়েছে। সেই কারণেই এই পথ নিতে হল।’’

তবে এখানেই শেষ নয়। অনেকে আপত্তি জানিয়েছেন আর্য স্মিতার নাম নিয়ে রসিকতা করেছেন বলে। তাতেই অভিনেতা-পুত্র জানান, তিনি স্মিতার নাম ‘মা’ সম্বোধন ছাড়া উচ্চারণ করতে পারতেন না। আর্যের সাফ কথা, ‘‘আমি কোনও কিছু অতিরঞ্জিত করিনি। বরং যেটা সত্যি সেটা বলেছি।’’ যদিও এই বিতর্কে এখনও কোনও মন্তব্য করেননি প্রতীক।

Advertisement
আরও পড়ুন