অসুস্থ সোনু নিগম। ছবি: সংগৃহীত।
কয়েক দিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম, যা নাকি বেশ যন্ত্রণাদায়ক। খবর, গত কয়েক সপ্তাহ ধরেই চিকিৎসা চলছে গায়কের। ইতিমধ্যেই এমআরআই, সিটি স্ক্যান সবই করিয়েছেন গায়ক। কড়া কড়া সব ওষুধ খাচ্ছেন। যদিও অসুস্থ শরীর নিয়ে মুম্বইয়ে অনুষ্ঠান করতে রাজিও হয়েছেন। যদিও তার পর অবস্থা নাকি আরও শোচনীয় হয়। অবশেষে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারলেন সোনু। কার কারণে?
ভিডিয়োবার্তা দিয়ে সোনু বলেন, ‘‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।’’ কাঁধের একটি ব্যান্ডেজ দেখিয়ে সোনু তাঁর পরিস্থিতির কথা জানান।
গায়ক জানিয়েছেন যে, এই অসুস্থতার কারণে তাঁকে প্রায় সর্বক্ষণ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। সেই চিকিৎসার অংশ হিসাবে একাধিক স্ক্যান, ওষুধপত্র ও নিয়মিত ফিজ়িয়োথেরাপিও চলছে তাঁর। সেই চিকিৎসা যেন বেশ যন্ত্রণাদায়ক ছিল, সে কথা জানান। সবরকমের চেষ্টা করা সত্ত্বেও কোন ফল মিলছিল না। গত ২০ দিনে গায়কের শারীরিক অবস্থা আরও বিগড়ে যায় বলে খবর। সোনু বলেন, ‘‘গত ২০ দিনে অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো শারীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষ। এক কাঁধে শুতে শুতেও হতে পারে। যার ফলে যন্ত্রণা বাড়তে থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।’’
এর মাঝেই দিল্লিতে একটি অনুষ্ঠানে যান সোনু। সেখানে গিয়ে ‘চালবাজ়’ ছবির পরিচালক পঙ্কজ পরাশরের সঙ্গে দেখা হয়। তিনি সোনুর এমন তিনি একজন চিকিৎসকের সঙ্গে আলাপ করিয়ে দেন, যিনি বড় বড় ক্রিকেটতারকার চিকিৎসা করেন। সোনু জানান, ওই চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করে দেন। দিনে দু’বার আড়াই ঘণ্টা করে সময় দিতেন তাঁকে। অবশেষে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছেন তিনি। গায়ক জানান, এখন তিনি একেবারে সুস্থ এবং মুম্বই ফিরে এসেছেন, পুরোদস্তুর কাজ শুরু করে দিয়েছেন।