Abhishek Banerjee

‘মোটর ভেহিকল আইন লঙ্ঘন’! অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিষেকের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যে ভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায়, তাতে শুধু তাঁদের নিজের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১২:৫৫
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ বার কালীঘাট থানায় এইআইআর দায়ের হল। তাঁর বিরুদ্ধে মোটর ভেহিকল বা মোটরযান আইন লঙ্ঘন করার অভিযোগ তুলেছেন রাজীব সরকার নামের এক ব্যক্তি। বুধবার কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগপত্রটিকে এফআইআর হিসাবে গণ্য করার আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি।

Advertisement

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিষেকের ব্যবহৃত গাড়িতে নিরাপত্তারক্ষীদের যে ভাবে গাড়ির দরজার বাইরে ঝুলে থাকতে দেখা যায়, তাতে শুধু তাঁদের নিজের জীবনই নয়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। এই ধরনের যাতায়াত দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। ফলে এটা হতে দেওয়া যায় না।

অভিযোগকারীর দাবি, এই ঘটনায় ১৯৮৮ সালের মোটর ভেহিকল আইনের একাধিক নিয়ম লঙ্ঘিত হয়েছে। অভিযোগপত্রে ওই আইনের ১২৩ এবং ১৮৪ ধারার উল্লেখ করা হয়েছে। তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণ দেখিয়ে এ ক্ষেত্রে আইনের ব্যতিক্রম করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। এই সূত্রেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। তবে এই বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ক্ষেত্রে অভিযোগকারী ব্যক্তির এটিই প্রথম পদক্ষেপ নয়। এর আগেও রাজীব ডিজে সংক্রান্ত একটি মামলায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগও।

Advertisement
আরও পড়ুন