Viral Video

গাড়ি না ভীষ্মের শরশয্যা! হিমাচলে অটল টানেলের কাছে নিয়ন্ত্রণ হারাল এসইউভি, এফোঁড়-ওফোঁড় লোহার রডে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের অটল টানেলের উত্তর প্রান্তের (নর্থ পোর্টাল) কাছে বুধবার গভীর রাতে স্করপিয়ো এসইউভিটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রাজস্থানের এক পর্যটক নিহত এবং আরও তিন জন আহত হয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৩:৪৯
One died and three injured after Scorpio gets pierced by iron rods near Himachal Pradesh’s Atal tunnel, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

হিমাচল প্রদেশের অটল টানেলের কাছে লোহার রড এফোঁড়-ওফোঁড় করে দিল স্করপিয়ো গাড়িকে। ঘটনাস্থলেই মৃত্যু রাজস্থানের পর্যটকের। মর্মান্তিক সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, নির্মাণাধীন একটি স্থানে গাড়িটি লোহার রডে পুরোপুরি গেঁথে গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমাচল প্রদেশের অটল টানেলের উত্তর প্রান্তের (নর্থ পোর্টাল) কাছে বুধবার গভীর রাতে স্করপিয়ো এসইউভিটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রাজস্থানের এক পর্যটক নিহত এবং আরও তিন জন আহত হয়েছেন। নিহতের নাম কৈলাশ বলে জানা গিয়েছে। তিনি রাজস্থানের সিকরের বাসিন্দা। আহতদের নাম আদিত্য, রাজেন্দ্র ও সিদ্ধার্থ। এঁদের মধ্যে আদিত্য উত্তরপ্রদেশের লখিমপুরের বাসিন্দা। রাজেন্দ্র ও সিদ্ধার্থ উভয়েই রাজস্থানের সিকরের বাসিন্দা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে দলটি মানালি থেকে লাহুলের দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে অটল টানেলের উত্তর প্রান্তের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টানেল থেকে বার হওয়ার পর পরই অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক একটি বাঁক ঠিকমতো ঘুরতে ব্যর্থ হন বলে জানা গিয়েছে। এর ফলে গাড়িটি চন্দ্রা নদীর দিকে ছিটকে পড়ে এবং নির্মাণাধীন সেতুর কাঠামোর সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে থাকা বেশ কয়েকটি লোহার রড এসইউভির ভেতর ঢুকে যায়। গাড়ির ভেতরেই আটকা পড়েন যাত্রীরা।

সিসু থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুকেশ রাঠৌর জানিয়েছেন, আহত পর্যটকদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, নিহত কৈলাশের মৃতদেহও উদ্ধার করা হয়েছে এবং তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

দুর্ঘটনার ভয়াবহ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো রঙের স্করপিয়ো গাড়িটি একটি নির্মীয়মান সেতুর প্রান্তে ঝুলে রয়েছে। নির্মাণাধীন সেতুর কাঠামো থেকে বেরিয়ে থাকা একাধিক লোহার রড গাড়িটিকে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভয়াবহ দৃশ্যটি দুর্ঘটনার তীব্রতা এবং গাড়িতে থাকা যাত্রীদের চরম পরিণতির বিষয়টি তুলে ধরেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মুকেশ প্রসাদ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অন্য দিকে, কর্তৃপক্ষ পর্যটকদের পাহাড়ি এলাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং অপ্রয়োজনে রাতের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন