Viral Video

বাইক নিয়ে ট্রেনের সঙ্গে পাল্লা! গতির নেশায় বিপত্তি বাধালেন তিন যুবক, ছিটকে পড়লেন রাস্তায়, ভাইরাল ভিডিয়ো

সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দ্রুতগামী ট্রেন শহরের ভেতর দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বাইকে থাকা তিন যুবক রেললাইনের সমান্তরাল রাস্তায় ট্রেনের গতির সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৫:৪৬
Video shows three young man racing against train with a bike, then something bizarre happens

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝে মাঝে স্টান্ট বা রোমাঞ্চকর কসরত দেখানোর নেশা মুহূর্তের মধ্যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সে রকমই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তিন যুবক দ্রুতগামী ট্রেনের সঙ্গে বাইক নিয়ে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন। তবে তাঁদের এই বিপজ্জনক কর্মকাণ্ডের পরিণতি হয় এক মর্মান্তিক দুর্ঘটনা। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা একে চরম বেপরোয়া আচরণ বলে অভিহিত করছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দ্রুতগামী ট্রেন শহরের ভেতর দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বাইকে থাকা তিন যুবক রেললাইনের সমান্তরাল রাস্তায় ট্রেনের গতির সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছেন। তাঁদের এক জনের মাথাতেও হেলমেট নেই। বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং ওই তিন যুবক ট্রেনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছিলেন। মনে হচ্ছিল, কেবল একটি ভিডিয়ো তৈরি বা স্টান্ট দেখানোর জন্য তাঁরা নিজেদের জীবন বাজি রেখেছিলেন। এর মধ্যে হঠাৎই বিপত্তি বাধে। কয়েক সেকেন্ড পরেই বাইকটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং দ্রুত গতিতে পিছলে যায়। বাইক-সহ ওই তিন যুবককে রাস্তার উপর দিয়ে অনেকটা দূর পর্যন্ত ছিটকে যেতে দেখা যায়। বাইকের সঙ্গে ঘর্ষণের ফলে রাস্তায় আগুনের স্ফুলিঙ্গও দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ওই তিন যুবক আহত হয়েছেন কি না বা তাঁদের বর্তমান অবস্থা কী, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পঙ্কজ রেল ফ্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়ো দেখে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ট্রেনের সঙ্গে বাইক নিয়ে পাল্লা দেওয়া আত্মঘাতী কাজ। মাত্র কয়েক মুহূর্তের জনপ্রিয়তার জন্য নিজের এবং অন্যের জীবন ঝুঁকির মুখে ফেলা একেবারেই অনুচিত।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, যাতে অন্যরা এ ধরনের বিপজ্জনক কাজ করার আগে দু’বার ভাবেন।’’

Advertisement
আরও পড়ুন