Dilip Ghosh on Panchayat Heads

‘ডিমের বদলে কিন্তু ঢিল পড়বে’! পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের, দিনের পর দিন দফতরে অনুপস্থিত নেতারা

গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ মূলত পঞ্চায়েতের মাধ্যমেই হয়ে থাকে। প্রধানেরা অনুপস্থিত থাকায় ফাইলে সই হচ্ছে না। আটকে যাচ্ছে কাজ। দিলীপের অভিযোগ, বহু পঞ্চায়েত প্রধান ধারাবাহিক ভাবে অনুপস্থিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৩:৪৫
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

জেলায় জেলায় পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। অভিযোগ, পঞ্চায়েতের বহু নেতা দফতরেই যাচ্ছেন না। দিনের পর দিন তাঁরা অনুপস্থিত থাকায় গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে পঞ্চায়েত প্রধানদের বাড়িতে ‘ডিমের পরিবর্তে ঢিল পড়বে’, হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।

Advertisement

পঞ্চায়েতমন্ত্রীর অভিযোগ,প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান দফতরে ধারাবাহিক ভাবে অনুপস্থিত। গ্রামাঞ্চলে উন্নয়নের কাজ মূলত পঞ্চায়েতের মাধ্যমেই হয়ে থাকে। ফলে প্রধানেরা অনুপস্থিত থাকায় ফাইলে সই হচ্ছে না। আটকে যাচ্ছে কাজ। এই প্রধানদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেছেন দিলীপ। তাঁর কথায়, ‘‘প্রায় দু’হাজার প্রধান অফিসে যাচ্ছেন না। কাজ হচ্ছে না। অনেকেই পালিয়ে গিয়েছেন। আমরা বলব, হয় পদত্যাগ করুন, না হলে কাজ করুন। এ ভাবে কাজ বন্ধ থাকলে ডিমের বদলে মানুষ বাড়িতে ঢিল মারবে।’’

উল্লেখ্য, রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে। ক্ষমতায় থাকাকালীন গ্রামাঞ্চলে এই পঞ্চায়েতই তৃণমূলের শক্তিশালী জায়গা ছিল। গ্রামের ভোটব্যাঙ্ক বড় ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর পুরসভাগুলির মতো পঞ্চায়েতও বিধ্বস্ত। বহু নেতা গা ঢাকা দিয়েছেন। অনেক জেলায় পঞ্চায়েত বোর্ড ভেঙে গিয়েছে। অনেক নেতা ইস্তফা দিয়েছেন। সামগ্রিক ভাবে গ্রামাঞ্চলের উন্নয়নের কাজে এর প্রভাব পড়ছে বলে অভিযোগ। সেই কারণেই অনুপস্থিত নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।

তবে তৃণমূলের পঞ্চায়েত প্রধানেরা ইচ্ছাকৃত ভাবে দফতরে যাচ্ছেন না, মানতে নারাজ দলের মমতাপন্থী শিবির। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘পঞ্চায়েত প্রধানেরা অফিসে যাচ্ছেন না, এটা ঠিক নয়। যেতে দিচ্ছে না বিজেপির কর্মীরা এবং পুলিশ। গেলে পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। পুলিশই পঞ্চায়েত অফিস রক্ষা করছে আর মন্ত্রী মজা নিচ্ছেন।’’ রাজ্যের প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘‘নিশ্চয়ই বর্তমান মন্ত্রী তথ্যের ভিত্তিতে বলেছেন। আমার জানা নেই৷ তবে নানা রকম পরিস্থিতি রয়েছে, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমি পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নই।’’

ক্ষমতা হারানোর পর তৃণমূলের অনেক নেতাই গ্রেফতার হয়েছেন। প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, বিবিধ অভিযোগে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। তবে অধিকাংশের বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগ। এই নেতারা রাস্তাঘাটে পুলিশের সামনেই জনরোষের শিকার হচ্ছেন। ডিম ছোড়া হচ্ছে তাঁদের লক্ষ্য করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা ইচ্ছাকৃত ভাবে ডিম ছুড়ে ধৃতদের হেনস্থা করছেন। পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিতেও দিলীপ তাই সেই ডিমের প্রসঙ্গ তুলেছেন।


Advertisement
আরও পড়ুন