দুর্ঘটনাস্থল। এই ঘরেই আটকে পড়েন বিএসএফ জওয়ান। নিজস্ব চিত্র।
হিঙ্গলগঞ্জের বাঁকড়া বিএসএফের ৭৭ নম্বর ব্যাটালিয়ানের ক্যাম্পে আগুন লেগে মৃত্যু হল এক জওয়ানের। মৃতের নাম জ্যোতিরাম সিংহ। তিনি এএসআই পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে ওই ক্যাম্পের জ্বালানি মজুত রাখার ঘরে ঢুকেছিলেন জ্যোতিরাম। তখনই আগুন লেগে যায়। এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে, ওই বিএসএফ জওয়ান বেরিয়ে আসার সুযোগ পাননি। ফলে ঘরের মধ্যে আটকে পড়ে ঝলসে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জ্বালানি মজুত রাখার ঘর থেকে স্পিডবোটের তেল ভরতে গিয়ে হঠাৎই আগুন লেগে যায়। জ্যোতিরাম বেরিয়ে আসার সুযোগ পাননি। স্থানীয়েরা উদ্ধারের চেষ্টা করেও কিছু করতে পারেননি। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। বিএসএফ জওয়ান, পুলিশ এবং এলাকার মানুষ জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাঁদের পক্ষে আগুন নেবানো সম্ভব হয়নি। এর পর ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জ্যোতিরামকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ দাস বলেন, ‘‘আগুন লাগার একটা ঘটনা ঘটেছে বিএসএফ ক্যাম্পে। বিএসএফের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে । মৃত জওয়ানের নাম জ্যোতিরাম সিংহ।’’