আবেদনের শেষ দিন বৃদ্ধি করল ডব্লিউবিজেইইবি। ছবি: সংগৃহীত।
রাজ্যে স্নাতক স্তরে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস আন্ডারগ্র্যাজুয়েট (জেইএনপিএএস) ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ডের (ডব্লিউবিজেইইবি) আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ দিন ছিল ১৫ এপ্রিল। তবে, আবেদনের মেয়াদ বৃদ্ধি নিয়ে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড।
রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সগুলিতে স্নাতক স্তরে ভর্তি নেওয়া হয় (জেইএনপিএএস)-এর মাধ্যমে। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ দিন ১৮ এপ্রিল। আবেদনপত্র কোনও ভুল থাকলে তা সংশোধন করতে হবে ২০ থেকে ২২ এপ্রিলের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ২৯ মে। জেনপাস ইউজি-র পরীক্ষা হবে ৭ জুন ২০২৬। দু’টি শিফটে পরীক্ষা চলবে। প্রথম পরীক্ষা হবে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয়টি দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত।
কী ভাবে আবেদন করবেন?
wbjeeb.nic.in— এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে।
হোমপেজ থেকে ‘অ্যাপ্লাই ফর জেনপাস (ইউজি) ২০২৬’ লেখাটির উপর ক্লিক করতে হবে।
যদি আগে থেকে রেজিট্রেশন করা না থাকে, তা হলে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
এর পর রেজিস্ট্রেশন নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।
আবেদনপত্রটি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্য এবং স্ক্যান করা নথি দিয়ে।
সব শেষে আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা করে আবেদনপত্রটি ‘সাবমিট’ করতে হবে।
পরবর্তী প্রয়োজনের জন্য আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে পারেন।
একজন প্রার্থী প্রয়োজনীয় সঠিক তথ্য অর্থাৎ জন্মতারিখ, ঠিকানা-সহ বাকি তথ্য দিয়ে শুধুমাত্র একটি আবেদনপত্রই পূরণ করতে পারবেন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন।