কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। ছবি: পিটিআই।
দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট আপাতত শেষ হয়েছে। এ বার গরম বৃদ্ধির পালা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার থেকে ছ’ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও। ফলে আবহাওয়ার অস্বস্তি থাকবে। প্রতি দিন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না-বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপর দিয়ে আপাতত কিছু দিন শুষ্ক পশ্চিমি এবং উত্তর-পশ্চিমি বায়ু প্রবাহিত হবে। তার ফলে ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেশ কিছু জেলায় উষ্ণ, আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী চার দিনে দক্ষিণের তাপমাত্রা বাড়তে পারে চার থেকে ছ’ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ ৮০ থেকে ৯০ শতাংশ আর্দ্রতা থাকতে পারে। অন্যান্য জেলায় আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হবে ৭০ থেকে ৮০ শতাংশ।
বৃহস্পতিবার, অর্থাৎ ২ এপ্রিল উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়। ৩ এপ্রিল এবং ৪ এপ্রিল এই জেলাগুলির পাশাপাশি সতর্কতা রয়েছে কলকাতা এবং বীরভূমেও। গরমের কারণে শিশু এবং বয়স্কদের বাড়তি সমস্যা হতে পারে। তা নিয়ে সাবধান করেছে হাওয়া অফিস। তেষ্টা না-পেলেও বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি কম। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছিল। বুধবারও মুর্শিদাবাদের নবগ্রামের কাছে ঝড়বৃষ্টি হয়। ঝড়ের মুখে পড়ে অবতরণে বাধা পায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। পরে তাঁকে সড়কপথে সভাস্থলে যেতে হয়েছে। তবে আপাতত আর দুর্যোগের সম্ভাবনা নেই। এ বার ধীরে ধীরে পারদ চড়বে।