তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা কলকাতা হাই কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। অভিযোগ, টাকা ধার নিয়ে আর ফেরত দেননি সোহম। তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন শাহিদ ইমাম নামের জনৈক ব্যক্তি। তিনি নিজেও নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেল খেটেছেন। আগামী সপ্তাহে কলকাতা হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ভোটের মুখে খোদ প্রার্থীর বিরুদ্ধে মামলা হওয়ায় কিছুটা অস্বস্তিতে তৃণমূল।
সোহম চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক। এ বারের বিধানসভা নির্বাচনে তাঁর আসন বদল করেছে তৃণমূল। তাঁকে টিকিট দেওয়া হয়েছে নদিয়ার করিমপুর থেকে। অভিযোগ, একটি ছবি তৈরির জন্য শাহিদের সঙ্গে ২০২১ সালে এক কোটি টাকার চুক্তি হয়েছিল সোহমের। সেই অনুযায়ী মোট ৬৮ লক্ষ টাকা হাতে পেয়েছিলেন অভিনেতা। কিন্তু শেষপর্যন্ত ওই ছবিটি তৈরি করা যায়নি। টাকাও সম্পূর্ণ শোধ করেননি। এই ৬৮ লক্ষ টাকা ফেরত না পেয়ে শাহিদ আদালতের দ্বারস্থ হন।
এর আগেও সোহমের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহিদ। মামলাকারীর দাবি, সোহমকে টাকা ধার দেওয়ার সময় তিনি নিজেও যুব তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। বছর দুয়েক জেল খাটার পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। জেল থেকে বেরোনোর পর সোহমের কাছে ধারের টাকা ফেরত চান মামলাকারী। কিন্তু অভিযোগ, টাকা আর ফেরানো হয়নি। এর আগে আদালত তাঁদের বিষয়টি আরবিট্রেশনের মাধ্যমে মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেখানে কোনও সুরাহা হয়নি। তার পরেই নতুন করে আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন শাহিদ। অভিযোগ, টাকা চাইতে গেলে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। আর্থিক প্রতারণা-সহ একগুচ্ছ অভিযোগে সোহমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।
করিমপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ শুনেই মাঠে নেমে পড়েছে বিজেপি। ওই কেন্দ্রের প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘যিনি দলের কর্মী ও প্রভাবশালীদের সঙ্গে মিলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করতে পারেন, করিমপুর থেকে তিনি বিধায়ক নির্বাচিত হলে এখানকার মানুষের কী দুর্দশা হবে, সেটা প্রত্যেকে অনুমান করতে পারছেন। আমার বিশ্বাস, আর্থিক দুর্নীতি ও কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত একজনকে এখানকার মানুষ একটি ভোটও দেবেন না।’’ তৃণমূলের তরফে করিমপুর ২ ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস বলেন, ‘‘এটা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ভোটের আগে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার জন্যই পুরনো ঘটনা খুঁচিয়ে তোলা হচ্ছে।’’