Body Recovered

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ! পড়ে ছিল রাস্তার ধারে নয়ানজুলিতে, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

বৃহস্পতিবার সকালেই প্রৌঢ়ার পুত্র জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার কিছু ক্ষণ পরেই বাড়ির কাছে রাস্তার ধারে নয়ানজুলি থেকে উদ্ধার হয় প্রৌঢ়ার দেহ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৭:৪৫

— প্রতীকী চিত্র।

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ। মৃতের নাম সুষমা দেরে (৫৫)। বাড়ি জগৎবল্লভপুর থানা এলাকারই মারঘুরালি দেরেপাড়ায়। বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই নয়ানজুলিতে বস্তাবন্দি অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। প্রৌঢ়ার দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রৌঢ়ার পুত্র এবং বধূকেও।

Advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালেই প্রৌঢ়ার পুত্র জগৎবল্লভপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তার কিছু ক্ষণ পরেই বাড়ির কাছে রাস্তার ধারে নয়ানজুলি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে স্থানীয় বাসিন্দাদেরই নজরে পড়ে বিষয়টি। নয়ানজুলিতে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাঁদের। কিছু ক্ষণের মধ্যেই ভিড় হয়ে যায় রাস্তার ধারে। স্থানীয় বাসিন্দারাই খবর দেন জগৎবল্লভপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলতেই উদ্ধার হয় প্রৌঢ়ার দেহ।

কী ভাবে সুষমার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগের আঙুল তুলছেন প্রৌঢ়ার পরিবারের দিকেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই প্রৌঢ়ার সঙ্গে তাঁর পুত্র এবং বধূর পারিবারিক অশান্তি চলছিল। যদিও ঠিক কী ঘটেছিল, তা জানতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে পুলিশ। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকেরা। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রৌঢ়ার পুত্র এবং বধূকেও। এই বস্তাবন্দি দেহ উদ্ধারের নেপথ্যে কোনও পারিবারিক বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement
আরও পড়ুন