— প্রতীকী চিত্র।
হাতে মাত্র দুটো দিন। এখনও পড়ার পাতায় বেশ কয়েক বার চোখ বুলিয়ে নিতে পারলে ভাল হয়। কিন্তু তা না-করে রোদের মধ্যে এসআইআরের লাইনে দাঁড়াতে বাধ্য হলেন রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেউ কেউ। মঙ্গলবার এই ছবি ধরা পড়েছে শ্রীরামপুরে।
১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে নতুন ভোটারদের শ্রীরামপুরে ডাক পড়ল এসআইআর শুনানিতে। শ্রীরামপুরের মহকুমাশাসকের দফতরে চাঁপদানি বিধানসভা এবং উত্তরপাড়া বিধানসভার নতুন ভোটারদের জন্য ৬ নম্বর ফর্ম ভরার কাজ চলছে। মঙ্গলবার সকাল থেকেই দফতরের সামনে লম্বা লাইন। সেই লাইনেই দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েক জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও।
পরীক্ষার্থীদের অভিযোগ, এর ফলে পরীক্ষার শেষ বেলার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে। কিন্তু লাইনে না দাঁড়ালে ভোটার তালিকায় নাম উঠবে না। তাই বাধ্য হয়েই পড়া বন্ধ রেখে লাইনে দাঁড়াচ্ছেন তাঁরা। পরীক্ষার্থীদের অসন্তোষ, যা লাইন পড়েছে, তাতে সন্ধ্যা হয়ে যেতে পারে। উদ্বেগে পরিবারও।