Burned to Death in Hooghly

রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু বধূর! চণ্ডীতলার ওই বাড়িতে অন্য ঘরে ছিলেন স্বামী

মহিলার স্বামী বিপুল রং, পুট্টির কাজের ঠিকাদার। তাঁদের এক পুত্র রয়েছে। ঘটনার সময়ে সে বাড়িতে ছিল না বলে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০০:২৩

— প্রতীকী চিত্র।

আগুনে পুড়ে মৃত্যু হল এক বধূর। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশের। হুগলির চণ্ডীতলার জলাপাড়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুমিতা হালদার। তাঁর বয়স ৩৮ বছর।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায় চণ্ডীতলার ওই বাড়ি থেকে। মুহূর্তে আগুন ধরে যায় বাড়িতে। সে সময় সুমিতা রান্না করছিলেন। তাঁর স্বামী বিপুল হালদার বাড়িতেই অন্য ঘরে ছিলেন। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে সুমিতা অগ্নিদগ্ধ হন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। এসডিপিও তমাল সরকার, ওসি বাপি হালদার সুমিতার বাড়িতে যান। তাঁকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কী ভাবে গ্যাস সিলিন্ডার থেকে এই বিপত্তি হল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মহিলার স্বামী বিপুল রং, পুট্টির কাজের ঠিকাদার। তাঁদের এক পুত্র রয়েছে। ঘটনার সময়ে সে বাড়িতে ছিল না বলে খবর।

Advertisement
আরও পড়ুন