ছবি: এআই সহায়তায় প্রণীত।
উইন্ডস্ক্রিনের একদিকে সাঁটানো সরকারি আধিকারিক লেখা স্টিকার। সেই গাড়ি নিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা এবং যার সূত্রে শুরু হয় বিতণ্ডা। ঘটনাস্থল কলকাতার পাটুলি থানা এলাকা। অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করল পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় একটি গলিতে সাদা রঙের একটি গাড়ি আর একটি গাড়িতে ধাক্কা মারে। শুরু হয় দুই তরফের বিতণ্ডা। যে গাড়িটি ধাক্কা দেয়, তার চালক মত্ত অবস্থায় অভব্য আচরণ করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় পুলিশ। এর পর অভিযোগের ভিত্তিতে মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গাড়িটিকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, দোল ও হোলির দিন শহরে মত্ত এবং বেপরোয়া চালকদের দৌরাত্ম্যের জেরে বেশ কিছু দুর্ঘটনার উদাহরণ রয়েছে। এ বার এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় কলকাতা পুলিশ। মঙ্গলবার দোলের দিন কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এ বছর দোলের দিন ৩৯৮টি জায়গায় কলকাতা পুলিশের পিকেট থাকবে।