— প্রতীকী চিত্র।
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মেরে ফুটপাতে উল্টে গেল একটি পণ্যবাহী গাড়ি। আর তাতেই গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হল এক জনের, জখম আরও দুই। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ তালতলা থানা এলাকার ওয়েলিংটনের কাছে লেনিন সরণিতে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করা হলেও তিনি সোমবার আদালত থেকে জামিন পেয়েছেন।
পুলিশ সূত্রের খবর, ঘটনার সময়ে ফুটপাতে ছিলেন তিন জন। তাঁরা সেখানেই থাকেন। জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ সালাউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি বেনিয়াপুকুর থানা এলাকার নর্থ রেঞ্জে। বাকি দু’জনের আঘাত গুরুতর নয় বলে পুলিশ জানিয়েছে।
লালবাজার জানিয়েছে, সানমাইকা ভর্তি পণ্যবাহী গাড়িটি বেপরোয়া গতিতে ধর্মতলার দিক থেকে মৌলালির দিকে যাচ্ছিল। স্থানীয়েরা পুলিশকে জানিয়েছেন, গাড়িটি ওয়েলিংটন মোড় পেরিয়েই বেসামাল ভাবে চলতে শুরু করে। কিছু দূর গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায়। তাতেই গাড়ির নীচে চাপা পড়েন ওই তিন ফুটপাতবাসী। সালাউদ্দিনের মাথায় গুরুতর চোট লাগে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। তাই তিনি গতি নিয়ন্ত্রণ করতে পারেননি।