কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জন্মসূত্রে কানাডার নাগরিক, সাড়ে পাঁচ বছরের এক শিশুকে কানাডায় তার বাবার কাছেই ফিরিয়ে দিল কলকাতা হাই কোর্ট। দাম্পত্য বিবাদের জেরে ২০২৫ সালের জানুয়ারিতে শিশুটিকে নিয়ে তার মা ভারতে চলে এসেছিলেন বলে আদালত সূত্রের খবর। ইতিমধ্যেই কানাডার নাগরিকত্ব পেয়েছেন শিশুটির বাবা। সন্তানকে নিজের কাছে ফেরাতে এবং অভিভাবকত্ব চেয়ে কানাডার অন্টারিয়ো আদালতে মামলা করেছিলেন তিনি। সেই মামলায় গত বছরের সেপ্টেম্বরের মধ্যে শিশুটিকে কানাডায় ফেরানোর নির্দেশ দিয়েছিল সে দেশের আদালত। তবে স্ত্রী সেই নির্দেশ উপেক্ষা করায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
এর আগে সেই মামলায় জন্মসূত্রে কানাডার নাগরিক, ভারতীয় বংশোদ্ভুত, সাড়ে পাঁচ বছরেরশিশুটির অভিভাবকত্ব ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ। ওই দম্পতির মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল কোর্ট। তবে সেই চেষ্টা ফলপ্রসূ না হওয়ায়, বুধবার মামলার শুনানিতে শিশুটিকে কানাডা ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রাশিদির নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে শিশুটিকে ফিরিয়ে নিতে ভারতে আসবেন বাবা।
এর আগে একাধিক বার অসম্মতি জানালেও এ দিন সন্তানের সঙ্গে কানাডা যেতে রাজি হন মা। ডিভিশন বেঞ্চের নির্দেশ, সে ক্ষেত্রে স্ত্রীরও কানাডা যাওয়ার এবং সেখানে থাকার যাবতীয় বন্দোবস্ত করবেন স্বামী। উল্লেখ্য, এরই মধ্যে পাসপোর্টের মেয়াদও ফুরিয়ে গেছে শিশুটির। তাই কেন্দ্রকে শিশু এবং তার মায়ের কানাডা যাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র দ্রুত দেওয়ারও নির্দেশ দিয়েছে কোর্ট। এর পাশাপাশি, শিশুটির কল্যাণের কথা মাথায় রেখে কানাডায় কোনও পেশাদার মধ্যস্থতাকারীর সাহায্যে মা-বাবাকে সমাধান খোঁজার পরামর্শ দেন দুই বিচারপতি।