— প্রতীকী চিত্র।
তিনি কাউকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেননি। কোনও ওটিপি-ও তাঁর কাছে আসেনি। অথচ, সেই ব্যক্তির দু’টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে তিন লক্ষেরও বেশি টাকার লেনদেন করা হয়েছে। সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় এমনই একটি অভিযোগ জমা পড়েছে।
পুলিশ সূত্রের খবর, প্রতারিত ব্যক্তি অভিযোগে জানিয়েছেন, সম্প্রতি তিনি জানতে পারেন যে গত ২১ মার্চ তাঁর দু’টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে একাধিক লেনদেন করা হয়েছে। যার অঙ্ক তিন লক্ষেরও বেশি। অথচ, তিনি সেই ক্রেডিট কার্ড ব্যবহার করেননি। কাউকে কোনও নথি কিংবা ওটিপি দেননি।
এর পরে দ্রুত সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কার্ড ব্লক করেন ওই ব্যক্তি। সেই সঙ্গে প্রতারকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়ে এবং টাকা উদ্ধারের আশায় বিধাননগর পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ সূত্রের খবর, এই ধরনের সাইবার অপরাধ নতুন নয়। এর আগেও এমন অভিযোগ দায়ের হয়েছে। লাগাতার সচেতনতার প্রচার সত্ত্বেও একাংশ এমন অপরাধের ভুক্তভোগী হচ্ছেন। এ ক্ষেত্রে কী ভাবে অভিযোগকারীর তথ্য প্রতারকদের হাতে পৌঁছল, সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।