ছবি: এক্স থেকে নেওয়া।
কন্যাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন প্রৌঢ়। মাঝরাস্তায় হানা দিল তরুণী কন্যার প্রেমিক! বাবার চোখের সামনেই প্রেমিকাকে নিয়ে চম্পট দিল সে। আটকানোর চেষ্টা করেও পারলেন না প্রৌঢ়। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ়। হঠাৎ এক তরুণ এসে বাবার সামনেই তরুণীর হাত ধরার চেষ্টা করেন। বাবার রাগ চরমে ওঠে। সঙ্গে সঙ্গে ছেলেটিকে আটকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু তার পর অন্য এক তরুণ এসে ওই প্রৌঢ়কে ধরে ফেলেন। আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি। এর পর যা ঘটে সেটাই সবচেয়ে আশ্চর্যজনক। ‘প্লট টুইস্ট’ আসে ঘটনায়। বাবা বাধা পেতেই তরুণের হাত ধরে পালিয়ে যান ওই তরুণী। বাবাকে ছেড়ে তরুণের হাত ধরে চম্পট দেন তিনি। হতবাক হয়ে যান প্রৌঢ়। কিছুটা সামলে নিয়ে মেয়েকে ধাওয়া করা শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, তরুণ-তরুণী সম্পর্কে প্রেমিক-প্রেমিকা। তরুণীর বাবার হাত থেকে বাঁচতেই পালিয়েছেন তাঁরা।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফুফাজি’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। কেউ কেউ আবার পুরো ঘটনাটিই সাজানো বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পুরোপুরি নাটক এবং পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মেয়ে বাবাকে ভাল বুদ্ধু বানাল।’’