প্রতিনিধিত্বমূলক ছবি।
প্রায় ১৭ ঘণ্টা পর উদ্ধার হল সিঙ্গাপুরগামী ভেসেলের ক্রু সদস্যের দেহ। গঙ্গায় তাঁর দেহ ভেসে ওঠে। তার পরই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই দেহ উদ্ধার করে শুক্রবার বিকেলে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশের চট্টগ্রাম থেকে সিঙ্গাপুরগামী ভেসেলের এক ক্রু মেম্বার ওয়েস্টপোর্টে গঙ্গায় ঝাঁপ দিয়েছেন বলে জানা যায়। ওয়েস্ট পোর্টের ৭ নম্বর এন এস ডকে এই ঘটনা ঘটে।
ওয়েস্ট পোর্ট থানা সূত্রে খবর, ‘কোটা দুনিয়া’ নামে একটি কন্টেনার ভেসেল থেকে প্রভাশ্বরা থারিন্দু বন্দারাওয়াট্টে নামের ওই ক্রু মেম্বার গঙ্গায় ঝাঁপ দিয়েছেন বলে জানানো হয়। প্রভাশ্বরা শ্রীলঙ্কার বাসিন্দা। ওই ভেসেলের অন্য সদস্যেরা বিষয়টি দেখে ক্যাপ্টেনকে জানান। তার পর খবর দেওয়া হয় পোর্ট ট্রাফিক বিভাগকে। খবর পাওয়ার পরই তল্লাশি শুরু হয়। উদ্ধারকাজে নামে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। শুক্রবার বিকেলে ওই কর্মীর দেহ উদ্ধার হয়েছে।
ওয়েস্ট পোর্ট থানা সূত্রে জানানো হয়েছে, রাত ১১টা নাগাদ তাদের কাছে খবর আসে, সিঙ্গাপুরগামী একটি ভেসেল থেকে এক জন গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। পোর্ট ট্রাফিক বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ভেসেলের ক্যাপ্টেন। তার পরই পোর্ট মেরিন বিভাগের দু’টি নৌকা নামিয়ে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়। অন্য দিকে, আহিরীটোলায় এক ব্যক্তি গঙ্গায় তলিয়ে যান বলে জানা গিয়েছে। তাঁর খোঁজেও তল্লাশি জারি।