কৌস্তভ বাগচী। — ফাইল চিত্র।
নব নির্বাচিত বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে।
ফোন করে ডেকে নিয়ে গিয়ে টাকা দাবি করার এই অভিযোগ করেছেন ব্যারাকপুরের একটি পরিচিত বিরিয়ানির দোকানের মালিক। ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ওই বহুতল বিরিয়ানির দোকানের আয় নিয়ে এর আগে ইডি তলব করেছে মালিককে। স্বাধীনতার আগে থেকে চলা খাবারের দোকানটি রাজ্যে বহুল পরিচিত। সঞ্জীব সাউ নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, বেশ কিছু দিন আগে রাতে ফোন করে তাঁকে ডাকা হয় বিধায়কের তরফে। তার পরে তাঁর থেকে টাকা চাওয়া হয়। সঞ্জীব বলেন, ‘‘আমার কাছে টাকা চাওয়া নিয়েই আপত্তি ছিল। অভিযোগ করেছিলাম সেটা নিয়ে। মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনার-সহ সংশ্লিষ্ট সব জায়গায় অভিযোগ করেছিলাম। হতে পারে আমার বোঝার ভুল হয়েছে। কিন্তু বিধায়ক যে ভাবে আমাকে টাকার কথা বলেছিলেন, সেটা নিয়ে আমার আপত্তি ছিল বলেই অভিযোগ করেছিলাম।’’ ব্যারাকপুর কমিশনারেটের তরফে জানানো হয়, অভিযোগ দায়ের করার পরে তদন্তও শুরু হয়েছে বিষয়টি নিয়ে।
কৌস্তভ অবশ্য এই অভিযোগ নিয়ে মিথ্যাচারের দাবি করেছেন। বিধায়ক বলেন, ‘‘এর পিছনে কারও ইন্ধন আছে। আমার সঙ্গে যা কথোপকথন হয়েছে, তাতে টাকা নিয়ে এমন অভিযোগ হওয়া আশ্চর্যের। টাকা চাওয়া নিয়ে কোনও কথোপকথন হয়েছে, সেটা উনি প্রমাণ করে দেখান।’’