Joy Kamdar

জামিনের আবেদনই করলেন না ইডির হাতে ধৃত ব্যবসায়ী জয় কামদার! জেলে কম নুন দেওয়া খাবার চাইলেন

আর্থিক তছরুপের মামলায় গত এপ্রিল মাসে গ্রেফতার হয়েছিলেন জয়। প্রথমে তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি। তার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতেই রয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৬:৫৩
জয় কামদার।

জয় কামদার। — ফাইল চিত্র।

জামিনের আবেদন করলেন না জয় কামদার। তবে তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আবেদন জানিয়েছেন আইনজীবী। তাঁর আরও আবেদন, নুন কম রয়েছে, এমন খাবার দেওয়া হোক জয়কে। সম্ভব হলে বাড়ি থেকে খাবার পাঠানোর অনুমতি দেওয়া হোক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ধৃত ব্যবসায়ীর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করেছে।

Advertisement

আর্থিক তছরুপের মামলায় গত এপ্রিল মাসে গ্রেফতার হয়েছিলেন জয়। প্রথমে তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি। তার পর থেকে বিচারবিভাগীয় হেফাজতেই রয়েছেন তিনি। শুক্রবার তাঁকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতার আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর আইনজীবী সুব্রত সর্দার জামিনের আবেদন করেননি। বরং স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন। বাড়ি থেকে খাবার পাঠানোয় অনুমতি চেয়েও আবেদন করেন জয়ের আইনজীবী। তিনি জানান, জয়ের বিশেষ সমস‍্যার জন‍্য স্ট্রোক, হৃদরোগের সমস‍্যা হতে পারে।

সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে ইডি তল্লাশি চালানোর পরে সেই সূত্র ধরেই উঠে এসেছিল জয়ের নাম। জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ীকে দু’বার তলব করেছিল ইডি। কিন্তু তিনি দু’বারই হাজিরা এড়িয়ে যান। তার পরেই বেহালায় তাঁর বাড়িতে হানা দেয় ইডি। বেশ কিছু ক্ষণ তল্লাশির পর জয়কে আটক করে সিজিও কমপ্লেক্সে নিজেদের দফতরে যায় ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় জয়কে।

জয় প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত। অতীতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই সময় বেশ কিছু পরিমাণ নগদ অর্থও উদ্ধার করেছিল তারা।

Advertisement
আরও পড়ুন