Tiljala Road Shoot out

তিলজলা রোডে গুলিকাণ্ড: পালানোর সময় অভিযুক্ত পিতা-পুত্রকে গ্রেফতার করল পুলিশ, মিলেছে আগ্নেয়াস্ত্র-কার্তুজও

সোমবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকায় মহম্মদ নিয়াজ ওরফে রাজাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭
Police arrested two accused of Tiljala road incident

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতার তিলজলা রোডের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও। কী কারণে গুলি চালানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা চলছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাতে রিকশায় চেপে দু’জনে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময়ই হাতেনাতে পাকড়াও করা হয় তাঁদের। ধৃতদের বাড়ি তিলজলা রোডে। সম্পর্কে তাঁরা বাবা-ছেলে। ধৃতদের থেকে একটি দেশি পিস্তল এবং দু’টি তাজা কার্তুজ পাওয়া গিয়েছে। এই পিস্তল থেকেই গুলি চালানো হয়েছিল কি না, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন মহম্মদ আনোয়ার এবং তাঁর পুত্র সলমন।

সোমবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকায় মহম্মদ নিয়াজ ওরফে রাজাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। তবে ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যায় রাজার সঙ্গে কয়েক জন স্থানীয়ের অশান্তি হয়। তখন অশান্তি থেমে গেলেও রাতে রাজার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই লাগে যুবকের পায়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত যুবক।

ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। হাসপাতালে গিয়ে আক্রান্তের জবানবন্দিও রেকর্ড করা হয়। শুরু হয় অভিযুক্তদের খোঁজ। সেই অভিযানের সূত্র ধরেই ২৪ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement
আরও পড়ুন