Kalbaishakhi in West Bengal

রবিবার থেকেই ফের বৃষ্টি! ৬০ কিমি বেগে ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলায়, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া এখন উষ্ণ ও আর্দ্র। গরমের অস্বস্তি অনুভূত হচ্ছে। কিছু কিছু জেলায় ইতিমধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১০:৪০
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। —ফাইল চিত্র।

রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। দুর্যোগের পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। গরমের অস্বস্তি অনুভূত হবে সর্বত্র। কিছু কিছু জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে রবিবার থেকে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও এই সতর্কতা জারি করা হয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সমস্ত জেলায়। দুর্যোগ চলবে বুধবার পর্যন্ত।

আগামী মঙ্গলবার আলাদা করে দক্ষিণের ছ’টি জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেই তালিকায় রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান। এই সমস্ত জেলায় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই রবিবার থেকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে। তার ফলেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী অন্তত দু’দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ফলে গরমও কমবে না। তার পরের তিন দিনে ঝড়বৃষ্টির কারণে পারদ তিন থেকে চার ডিগ্রি নামতে পারে।

Advertisement
আরও পড়ুন