Unnatural Death in Chetla

চেতলার সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের! হাসপাতালে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা

সুইমিং পুল ডুবে যাওয়ার পরেই বাকিদের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৩:১২

—প্রতীকী চিত্র।

চেতলার ক্লাবে সাঁতার কাটার সময় ডুবে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে চেতলা অগ্রণী ক্লাবে সাঁতার কাটছিলেন কালীঘাট থানা এলাকার নেপাল ভট্টাচার্য স্ট্রিট এলাকার বাসিন্দা ঋত্বিক চক্রবর্তী (১৯)। সাঁতার কাটার সময় ডুবে মৃত্যু হয় তাঁর।

Advertisement

সুইমিং পুল ডুবে যাওয়ার পরেই বাকিদের তৎপরতায় ঋত্বিককে জল থেকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে চেতলা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা ১০ নাগাদ সাঁতার কাটতে কাটতে সুইমিং পুলে তলিয়ে যেতে থাকেন ঋত্বিক। আশপাশে থাকা লোকজন দ্রুত ওই যুবককে উদ্ধার করে সিপিআর দিতে শুরু করেন। ইতিমধ্যেই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার সময় আশপাশে থাকা লোকজন, সুইমিং পুলে থাকা অন্যান্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজেও নজর রাখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন