কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। — ফাইল চিত্র।
চৈত্রের শেষ ভাগ থেকেই রাজ্যে পারদ ঊর্ধ্বমুখী। বৈশাখের প্রথম দিন অস্বস্তি আরও বাড়বে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের জন্য রয়েছে হলুদ সতর্কতা। তবে ওই পাঁচ জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার। যদিও তার জন্য তাপমাত্রার হেরফের হবে না। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও পয়লা বৈশাখে হতে পারে কালবৈশাখী। সেখানে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না। বুধবার পয়লা বৈশাখে কলকাতায় রাত এবং দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। ওই পাঁচ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। ওই পাঁচ জেলায় একই সঙ্গে অস্বস্তিকর গরমের জন্যও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও থাকবে অস্বস্তি।
বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যদিও জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় হালকা বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবারও দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে ওই জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে সেখানে বাড়বে গরম। অস্বস্তির জন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত রয়েছে সেই সতর্কতা।
উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পয়লা বৈশাখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-এই পাঁচ জেলায় শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সেখানে হালকা বৃষ্টি হতে পারে।