Bomb Threat in Passport Office

এ বার কলকাতার পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক! হুমকি মেল বিভিন্ন জেলার পোস্ট অফিসেও, পুলিশকুকুর নিয়ে চলছে তল্লাশি

বৃহস্পতিবার বেলায় ব্রাবোর্ন রোড এবং আনন্দপুরের পাসপোর্ট অফিসে একটি হুমকি মেল যায়। যেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। তার পরেই দু’টি অফিস খালি করে দেওয়া হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯
বোমাতঙ্কের পর কলকাতার ব্রাবোর্ন রোডের পাসপোর্ট অফিসের বাইরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত। বৃহস্পতিবার বেলায়।

বোমাতঙ্কের পর কলকাতার ব্রাবোর্ন রোডের পাসপোর্ট অফিসের বাইরে কড়া নিরাপত্তা বন্দোবস্ত। বৃহস্পতিবার বেলায়। —নিজস্ব চিত্র।

কলকাতার পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক! আতঙ্কে অফিসের বাইরে বেরিয়ে এলেন কর্মীরা। বৃহস্পতিবার বেলায় ব্রেবোর্ন রোড এবং আনন্দপুরের পাসপোর্ট অফিসে একটি হুমকি মেল যায়। যেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। তার পরেই দু’টি অফিস খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ, বম্ব স্কোয়াডের সদস্যেরা। পুলিশকুকুর নিয়ে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার প্রায় একই সময়ে একই ধরনের মেল গিয়েছে বিভিন্ন জেলার একাধিক পোস্ট অফিসেও। বৃহস্পতিবার কাজ শুরু হওয়ার পরেই হাওড়া ময়দান পোস্ট অফিসে একটি মেল যায়। সেখানে দাবি করা হয়, অফিসে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে গোটা পোস্ট অফিস খালি করে দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেছেন পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যেরা। একই রকম ভাবে হুমকি মেল গিয়েছে আসানসোল হেড পোস্ট অফিস, বসিরহাট হেড পোস্ট অফিসে।

গত মঙ্গলবার থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল পাঠানো হচ্ছে। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালত এবং পশ্চিম বর্ধমান জেলা ও দায়রা আদালতে বোমা হামলার হুমকি মেল গিয়েছিল। একই দিনে হুমকি মেল ঘিরে আতঙ্ক ছড়ায় হুগলির চুঁচুড়া আদালতেও। তবে দিনভর তল্লাশি চালিয়েও কোথাও সন্দেহজনক কোনও জিনিস পায়নি পুলিশ।

মঙ্গলবারের পর বুধবার আসানসোল জেলা ও দায়রা আদালতে বোমাতঙ্ক ছড়ায়। পশ্চিম বর্ধমানের জেলা বিচারকের কাছে হুমকি মেলটি আসে। সূত্রের খবর, সেই মেলে লেখা ছিল, ‘আদালতে বোমা রাখা আছে। কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ হবে!’ শুধু আসানসোল নয়, বীরভূমের সিউড়ি জেলা আদালতেও একই ছবি দেখা যায়। আদালত সূত্রে জানা যায়, জেলা বিচারকের কাছে ওই হুমকিবার্তাটি পাঠানো হয়েছিল। হুমকি মেল পাঠিয়ে দাবি করা হয়, আদালত চত্বরে আরডিএক্স রাখা আছে। তবে কোনও ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। এ বার বোমা রাখা আছে বলে দাবি করে হুমকি মেল গেল পাসপোর্ট অফিস এবং বিভিন্ন জেলার পোস্ট অফিসে।

Advertisement
আরও পড়ুন