Purba Midnapore Zilla Parishad

শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকেই এ রাজ্যে প্রথম জেলা পরিষদ দখল বিজেপির! সভাধিপতি হলেন বামদেব

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০। তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৫৬ এবং বিজেপির ১৪। পরে দুই সদস্যের মৃত্যু হয়। সম্প্রতি সভাধিপতি এবং সহ-সভাধিপতি পদ ছাড়ার পর সোমবার জেলা পরিষদের সাধারণসভা অনুষ্ঠিত হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৭:১২
Bamdev Guchait

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি বামদেব গুছাইত। —নিজস্ব চিত্র।

সরকারি ভাবে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া হল তৃণমূলের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় নতুন সভাধিপতি হলেন বামদেব গুছাইত। আর পশ্চিমবঙ্গে এই প্রথম বার কোনও জেলা পরিষদে বোর্ড গঠন করল বিজেপি। ঘটনাচক্রে, সেটিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলাতেই।

Advertisement

কয়েক দিন আগে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন উত্তম বারিক। পটাশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক উত্তম এ বারের বিধানসভা ভোটে চণ্ডীপুর থেকে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেও ইস্তফা দেওয়ার সময় তিনি জানান, পদ আঁকড়ে থাকার কোনও মানে হয় না আর। তার পর জেলা পরিষদের সহ-সভাধিপতি সুহাসিনী করও ইস্তফা দিয়েছেন। বস্তুত, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর শুভেন্দুর ‘গড়ে’ তৃণমূলের বিভিন্ন পদাধিকারী ইস্তফা দিয়েছেন। পদ ছেড়েছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলি থেকে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী পম্পা সাঁতরা রাউত।

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭০। তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৫৬ এবং বিজেপির ১৪। পরে দুই সদস্যের মৃত্যু হয়। সম্প্রতি সভাধিপতি এবং সহ-সভাধিপতি পদ ছাড়ার পর সোমবার জেলা পরিষদের সাধারণসভা অনুষ্ঠিত হয়। সেখানে ৬৪ জনের উপস্থিতিতে নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত হলেন বামদেব এবং জয়দেব মিদ্যা। পাশাপাশি সহ-সভাধিপতি পদে পূর্ণিমা দাস ও বাঁশুরি পণ্ডিতের নামও প্রস্তাব করা হয়েছিল। সকলেই সেই প্রস্তাব সমর্থন করেছেন।

পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভাকক্ষে সংবর্ধনা দেওয়া হয় নবনির্বাচিত সভাধিপতি ও সহকারী সভাধিপতিকে। দুপুরে পোড়ানো হয় আতসবাজি। বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মাতেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সভায় উপস্থিত কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, ‘‘এখন ডবল ইঞ্জিন নয়, পঞ্চম ইঞ্জিন চলছে জেলায়।’’ মুখ্যমন্ত্রীর সাংসদ-সহোদরের কথায়, ‘‘কেন্দ্র থেকে রাজ্য, জেলা পরিষদ থেকে সাংসদ এবং বিধায়ক সকলেই এখন বিজেপির। সকলকে নিয়ে জেলা তথা রাজ্যের সার্বিক উন্নয়ন হবে।’’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে বামদেবকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথম বার কোনও জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে।’’ তিনি জানান, সর্বসম্মতিক্রমে বামদেব জেলা পরিষদের সভাধিপতি এবং বাঁশুরি পণ্ডিত সহ-সভাধিপতি নির্বাচিত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন