Indira Gandhi Statue Vandalized

ক্ষতিগ্রস্ত ইন্দিরা মূর্তি, ক্ষোভ কংগ্রেসের

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পরের বছর শিলদার নিমতলা চকে মূর্তিটি স্থাপন করা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৭:৫৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

শিলদার ইন্দিরা চক (সাবেক নিমতলা চক)-এ ক্ষতিগ্রস্ত হল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বেদি সমেত আবক্ষ মূর্তি। মঙ্গলবার গভীর রাতে বেলপাহাড়ির দিক থেকে বাঁকুড়াগামী ১৬ চাকার লরি ভুল করে ঝাড়গ্রামের দিকের রাস্তায় ঢুকে পড়ে। পরে চালক লরিটি ঘোরানোর জন্য পিছিয়ে আসার সময় মূর্তির বেদিতে ধাক্কা লাগে।

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পরের বছর শিলদার নিমতলা চকে মূর্তিটি স্থাপন করা হয়। রাজ্য সড়ক ৫ ও ৯-এর সংযোগস্থলের মাঝখানে মূর্তিটি থাকায় অতীতেও একাধিক বার তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য তথা বেলপাহাড়ির বাসিন্দা সুব্রত ভট্টাচার্য। তাঁর দাবি, “মূর্তিটি রাস্তার মাঝখানে থাকায় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও লরি কী ভাবে ব্যাক করে বেদিতে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূর্তিটিকে ওখানেই নিরাপদ স্থানে বসানোর দাবি জানানো হবে।” কংগ্রেসের একাংশের অভিযোগ, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে ঘটনাটিকে শুধুমাত্র দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না।বি জেপির শিলদা মণ্ডল সভাপতি গণেশ মাহাতোর অবশ্য দাবি, “এটি নিছক দুর্ঘটনা।”

সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়া জেলা কংগ্রেস এই ঘটনাকে সামনে রেখে আলোচনায় ফেরার চেষ্টা করছে। ভরসা কি এখন ইন্দিরা! সুব্রত বলছেন, ‘‘ভরসার হাত একদিন শক্ত হবে বলে আমরা আশাবাদী।”

আরও পড়ুন