Congress- TMC

প্রায় ২৫ বছর পর কংগ্রেসে প্রত্যাবর্তন মুর্শিদাবাদের সুফিয়ানের, অধীরের হাত ধরে ফিরলেন পুরনো দলে

মঙ্গলবার একাধিক কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ফের পুরনো দলে যোগ দিলেন বর্ষীয়ান নেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৩
কংগ্রেসে ফিরলেন ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার।

কংগ্রেসে ফিরলেন ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার। — নিজস্ব চিত্র।

প্রায় ২৫ বছর পর তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন ভগবানগোলার প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান সরকার।

Advertisement

১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত ভগবানগোলা কেন্দ্রে কংগ্রেসের বিধায়ক ছিলেন সুফিয়ান। পরবর্তী কালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দীর্ঘ দিন জেলা আইএনটিটিইউসি-র সভাপতির দায়িত্বও সামলেছেন।

মঙ্গলবার একাধিক কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ফের পুরনো দলে যোগ দিলেন বর্ষীয়ান নেতা।

কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচনের আগে ভগবানগোলা বিধানসভা এলাকায় কংগ্রেস আরও শক্তিশালী হল। তৃণমূলের তরফে ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের দাবি, সুফিয়ান তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে যাওয়ায় তৃণমূল দল হাঁফ ছেড়ে বেঁচেছে। তিনি আরও বলেন, ‘‘২০২১ সালের বিধানসভা নির্বাচন ও ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সুফিয়ান দলের হয়ে ভোট করেননি। এমনকি ২০২৪ সালের ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনেও তিনি দলবিরোধী কাজ করেছিলেন।’’ তাঁর আর‌ও দাবি, ‘‘হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টির সদস্য হতে চেয়ে ও ভগবানগোলা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য ওই দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন।’’

সুফিয়ান বলেন,‘‘গত ১৫ বছর মন দিয়ে তৃণমূল করেছি। কিন্তু গত পাঁচ বছর ধরে দল আমার সঙ্গে ভালো আচরণ করেনি। দলের মধ্যে বিভিন্ন দুর্নীতি ও টাকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। এই কারণেই দল আমাকে বসিয়ে দেয়। তাই আমি তৃণমূল ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’’

অধীর চৌধুরী বলেন, ‘‘এখন যাঁদের তৃণমূল নেতা হিসাবে দেখে, তাঁরা কিছু পাওয়ার আশায় এক সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। কিন্তু তৃণমূল দলে দুর্নীতির কারণে তাঁদের মোহভঙ্গ হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন