মঙ্গলবার এক মহিলার বাড়িতে এলাকার বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার। —নিজস্ব চিত্র।
পুলিশকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে। অভিযোগ, রাজু ফোনে বলেন, “আমার থেকে বড় গুন্ডা কেউ নেই।” এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। এই নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়।
জানা গিয়েছে, শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা তৈরি হয়। এর পরেই দু’পক্ষের বেশ কয়েক জন মারামারিতে আহত হন। সেই সময় আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাকে গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে জন্ম দেওয়ার ক’দিন পরেই সন্তানটি মারা যায়।
মঙ্গলবার ওই মহিলার বাড়িতে এলাকার বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছিলেন রাজু। সেখান থেকেই এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে সেই বিষয়ে পুলিশেকে ফোন করেন তিনি। অভিযোগ, এরপর কিছুক্ষণ তাঁদের মধ্যে কথোপকথনের পর টেলিফোনের অপর প্রান্তে ফাঁসিদেওয়া থানার ওসি সুদীপ বিশ্বাসকে হুমকির সুরে রাজুকে বলতে শোনা যায়, “আপনি তৃণমূলের দালাল। কার সঙ্গে ফোনে কথা বলছেন আপনি জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন, আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই!”
এই ঘটনায় দার্জিলিং জেলার তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টেব্রিয়াল বলেন, “জেলার একজন সাংসদ যখন এই ভাষা প্রয়োগ করেন, তা হলে বুঝে নিতে হবে এটা তাঁদের কালচার। দেশে যে সব জায়গায় বিজেপিশাসিত রাজ্য রয়েছে সেখানে এই সব ধমক-হুমকি কালচার চলতে পারে। এটা বাংলা। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলে। এখানে আইন আইনের মতো চলে। কাজেই এই রকম ভাবে ধমক দিয়ে কোনও লাভ নেই।”