Fire Breaks Out In Train

কাটোয়ার পর এ বার নবদ্বীপ স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ড! প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি যখন নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কামরাটিকে গ্রাস করতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৭

—প্রতীকী চিত্র।

ফের স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রিবাহী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটিহার-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় হঠাৎই আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে কামরার একাংশে, আর তা থেকে বার হওয়া ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন তাঁরা। তবে রেলের তৎপরতায় বড় কোনও প্রাণহানি ঘটেনি বলেই খবর।

Advertisement

রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি যখন নবদ্বীপ ধাম স্টেশনে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একটি কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কামরাটিকে গ্রাস করতে শুরু করে। স্টেশনে উপস্থিত যাত্রীরা চিৎকার শুরু করলে, রেলের কর্মীরা তড়িঘড়ি ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, ট্রেনের ভেতর থেকে মালপত্র বার করার সুযোগটুকুও পাননি অনেকে বলে জানা গিয়েছে। ধোঁয়ার দাপটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায়। ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে রেলের উদ্ধারকারী দল ও দমকলের ইঞ্জিন। দীর্ঘ ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কী কারণে আগুন লাগল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রেলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে চলন্ত অবস্থায় এই ঘটনা ঘটলে বড়সড় বিপর্যয় হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিত্যযাত্রীরা। এই ঘটনার জেরে পূর্ব রেলের হাওড়া-কাটোয়া শাখায় ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বিঘ্নিত হয়। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ— তা খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার কথাও ভাবা হচ্ছে।

প্রসঙ্গত, গত রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়, কাটোয়া স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ৫৩৪৩৫ আপ আজিমগঞ্জ প্যাসেঞ্জার। সকাল ৬টা নাগাদ কাটোয়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির। ওই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় জিআরপি ও আরপিএফ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ওই ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কামরাটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে আগুন অন্য কামরায় ছড়াতে পারেনি।

Advertisement
আরও পড়ুন