Kandi Municipality Corporation

এ বার ইস্তফা দিলেন কান্দি পুরসভার চেয়ারম্যান! পরবর্তী পুরপ্রধান চূড়ান্ত না হলে ভাঙবে বোর্ড?

তৃণমূলের হারের পর কান্দি পুরসভাতেও টালমাটাল দেখা যায়। এ বার পুরপ্রধান ইস্তফা দেওয়ায় বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৭:৪৩
Kandi Municipality Corporation Chairman Jaydeb Ghatak has resigned

কান্দি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন জয়দেব ঘটক। —নিজস্ব চিত্র।

বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্যের একের পর এক পুরসভা হাতছাড়া হতে শুরু করেছে তৃণমূলের। এ বার মুর্শিদাবাদের কান্দি পুরসভাও ভাঙতে চলেছে। শুক্রবার কান্দি পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন জয়দেব ঘটক।

Advertisement

শুক্রবার দুপুরে কান্দি মহকুমাশাসক প্রদীপ্ত বিশ্বাসের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন জয়দেব। ১৮টি ওয়ার্ড রয়েছে কান্দি পুরসভায়। ২০২২ সালের নির্বাচনে এই ১৮টির মধ্যে ১৬টিতেই জয় পায় তৃণমূল। দু’টিতে জেতেন নির্দল প্রার্থী। তৃণমূল কান্দি পুরসভার দায়িত্ব দিয়েছিল জয়দেবকে। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কান্দি বিধানসভায় ভাল ফল করতে পারেনি তৃণমূল। পরাজিত হন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার।

তৃণমূলের হারের পর কান্দি পুরসভাতেও টালমাটাল দেখা যায়। এ বার পুরপ্রধান ইস্তফা দেওয়ায় বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা। ইস্তফাপত্র জমা দেওয়ার পর জয়দেব জানান, সাড়ে চার বছর ধরে শহরের মানুষ তাঁর উপর আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে শহরে দলের এই ভরাডুবির কারণেই তিনি নৈতিক দায়িত্ব মেনে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জয়দেবের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে কান্দির প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কান্দি শহরের প্রশাসনিক দায়িত্ব এ বার কার কাঁধে উঠবে, কে হবেন পরবর্তী পুরপ্রধান, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আপাতত প্রশাসনের তরফে পরবর্তী নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন সকলে।

Advertisement
আরও পড়ুন