প্রতিনিধিত্বমূলক ছবি।
শান্তিপুরের হরিপুর পঞ্চায়েত এলাকার মনসাতলার বাসিন্দা এক কলেজ পড়ুয়া ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠল। তরুণীর পরিবারের অভিযোগ, সমাজ মাধ্যমে ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের জেরে ওই ছাত্রী চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম সন্ধ্যা দেবনাথ (১৮)। তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে শান্তিপুর কলেজে বিএ প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন।
পরিবারের অভিযোগ, রবীন হালদার নামে এক যুবক দীর্ঘদিন ধরে মেয়েটিকে তাঁর সঙ্গে সম্পর্ক রাখার জন্য চাপ দিচ্ছিলেন। পরিবারের আরও দাবি, বন্ধুত্বের সুযোগ নিয়ে ওই যুবক তরুণীর কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এবং পরে সেগুলিকেই সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। যুবক সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে মানসিক চাপ তৈরি করছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার আগের রাতে সন্ধ্যার হোয়াটসঅ্যাপে একাধিক হুমকি মেসেজ আসে। সেই সমস্ত মেসেজে সম্পর্কে রাজি না হলে তরুণীর সম্মান নষ্ট করার হুমকি দেন ওই যুবক। যার জেরে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।
তরুণীর কাকা নকুল দেবনাথ বলেন, ‘‘পরে মোবাইল ফোন পরীক্ষা করে বেশ কিছু আপত্তিকর ও হুমকি মেসেজ দেখতে পাই আমরা, যেখানে ছেলেটি ওর সঙ্গে সম্পর্ক না রাখলে সন্ধ্যার সম্মান নষ্ট করবে বলে হুমকি দিচ্ছে।’’ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক পলাতক, খোঁজে তল্লাশি চলছে।