Berhampore

পুর-প্রশাসকের দায়িত্বে এ বার মহকুমাশাসক

পালাবাদলের পর থেকে তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভাতেও অচলাবস্থা চলছিল। শেষ পর্যন্ত দিন দশেক আগে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৯:১৬
বহরমপুর পৌরসভা।

বহরমপুর পৌরসভা। ফাইল চিত্র।

পালাবদলের পর টানাপড়েন চলছিল। শেষ পর্যন্ত বহরমপুর পুরসভার সেই টানাপোড়েনের যবনিকা পড়ল প্রশাসককে দায়িত্ব দেওয়ার মাধ্যমে। বৃহস্পতিবারই বহরমপুরের মহকুমা শাসককে বহরমপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব দিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

এ বিষয়ে বহরমপুর পুরসভা এবং বহরমপুরের মহকুমা শাসককে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুরসভার এক আধিকারিক জানান, মহকুমা শাসককে প্রশাসকের দায়িত্ব দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। আজ শনিবার তিনি প্রশাসকের দায়িত্ব নিতে পারেন। বহরমপুরের মহকুমা শাসক সমীরণ বারিক বলেন, ‘‘বহরমপুর পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে একটি নির্দেশিকা পেয়েছি।’’

পালাবাদলের পর থেকে তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভাতেও অচলাবস্থা চলছিল। শেষ পর্যন্ত দিন দশেক আগে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। তার পরে দিন কয়েক আগে বহরমপুর পুরসভার ২৭ জনের মধ্যে ২২ জন পুরপ্রতিনিধির পদত্যাগ করেন। গত বুধবার বহরমপুর পুরসভার এগজিকিউটিভ অফিসার পুরপ্রধানের পদত্যাগ এবং পুরপ্রতিনিধিদের পদত্যাগের বিষয়টি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে জানান।

আর বৃহস্পতিবারই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের বহরমপুরের মহকুমা শাসককে বহরমপুর পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে বহরমপুর পুরসভায় প্রশাসক নিয়োগ এই প্রথম নয়, এর আগেও তৃণমূল আমলে পুর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচন না হওয়ায় দীর্ঘদিন বহরমপুর পুরসভায় প্রশাসক দায়িত্ব সামলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বহরমপুর পুরসভার মোট ২৮ টি ওয়ার্ডের মধ্যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২ টি এবং কংগ্রেস ৬ টি আসনে জয়ী হয়েছিল। পরে কংগ্রেসের এক পুর প্রতিনিধি তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ২৩ এবং কংগ্রেসের সংখ্যা কমে দাঁড়ায় ৫। এরপর কংগ্রেসের এক পুর প্রতিনিধির মৃত্যু হওয়ায় বর্তমানে মোট ২৭ জন পুর প্রতিনিধি ছিলেন। তাঁদের মধ্যে ২২ জনই পদত্যাগ করেছেন। এখনও পর্যন্ত কংগ্রেসের চার জন পুরপ্রতিনিধি এবং যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি ভীষ্মদেব কর্মকার পদত্যাগ করেননি। ফলে বর্তমানে মাত্র পাঁচ জন পুর প্রতিনিধি দায়িত্বে রয়েছেন।

জেলায় বেলডাঙা, কান্দি, জিয়াগঞ্জ ও লালবাগ পুরসভার এ বার কী হবে, তা নিয়ে এলাকার মানুষজন প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন